'গান পাগল' এর সঙ্গে এক সন্ধ্যা

দর্শক সারি থেকেই আওয়াজ এলো, ‘ওই যে পাগলী, ওনার কথা কিছু বলেন।’ মঞ্চে তখন ‘গান পাগল’ নামে এক গানের দল। দলের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন শিল্পী মোহাম্মদ শোয়েব। পরিচয়পর্বের মাঝামাঝিতে এসে এক দর্শকের আকুতি ‘পাগলী’ সর্ম্পকে জানার। অবশেষে সেই পাগলীকে পরিচয় করিয়ে দিলেন শোয়েব। শিউলি ভট্টাচার্জী নামের এই ‘পাগলি’ বেহালাবাদক। ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয় থেকে বেহালার ওপর পিএইচডি করে এসেছেন। বেহালা নিয়ে এমন পাগলামী তো ‘পাগলী’ই করতে পারেন। শিউলি এখন গান পাগল দলের সঙ্গে আছেন। আর যিনি পরিচয় করিয়ে দিচ্ছেন মানে মোহাম্মদ শোয়েব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক। নিজের সম্পর্কে আপতত এতটুকু বলে আবার শুরু করলেন গান। গাইলেন ‘কার লাগিয়া গাথি রে মালা’, ‘বারো মাইস্যা চান’সহ বেশ কয়েকটি গান।
গতকাল থেকে চারুকলায় শুরু হয়েছে ‘জয়নুল উৎসব ২০১৫’। এই উৎসব উপলক্ষে চারুকলা ইনস্টিটিউট এর বকুলতলায় সন্ধ্যায় গাইতে উঠেছিলেন গান পাগল নামের এ দলটি। সাতটার খানিক পরে নানা বাদ্যযন্ত্র বাজিয়ে শুরু করলেন গান। ‘খুঁজি তোরে’ দিয়ে শুরু করেছিলেন সন্ধ্যাটা। রাত ৯ টা বাজে সেটি ঠেকলো দেশের গানে। মাঝে নিজেদের গানসহ গাইলেন পরিচিত অনেকগুলি গান। গানের ফাঁকে ফাঁকে দর্শকের সঙ্গে কথোপকথন বাড়তি আনন্দ জোগালো সবার মধ্যে।
অনুষ্ঠান শেষে কথা বললেন শোয়েব। ‘আমাদের আজকের পরিকল্পনাই ছিল গান দিয়ে মাতিয়ে রাখা। আয়োজকরা বেশিরভাগই আমার বন্ধু। ওদের আগ্রহেই গাইতে আসা।’ শোয়েব কথা রেখেছেন। ঘন্টা দুয়েকের মঞ্চ মাতানো আয়োজন শেষেই ছেড়েছেন মঞ্চ।
গান পাগলের আগে অবশ্য মঞ্চে উঠেছিলেন চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা শুনিয়েছেন গান, দেখিয়েছেন নাচ।
তিনদিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যায় বকুলতলায় রয়েছে জয়নুলের চিত্রকর্ম ম্যাডোনার আলোকে চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া চারুকলার মাঠে চলছে হস্তশিল্পের মেলা।