'গেরিলা'য় টিপুর বাজিমাত

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি—এটি অবসকিউর ব্যান্ডের জনপ্রিয় একটি গান। এই ব্যান্ডের অন্যতম সদস্য সাইদ হোসেন টিপু। ২০১১ সালে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলায় শব্দগ্রাহকের কাজ করেন তিনি। প্রথম ছবিতে শব্দগ্রাহকের কাজ করেই বাজিমাত করে দিয়েছেন তিনি। নির্বাচিত হয়েছেন বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) চলচ্চিত্র পুরস্কারে সেরা শব্দগ্রাহক হিসেবে।
টিপু বলেন, ‘আমার কিন্তু গেরিলা ছবিতে কাজ করার কথা ছিল না। এখন মনে হচ্ছে কাজটি করে ভুল করিনি।’
গেরিলা ছবির কাজের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন টিপু। প্রাত্যহিক জীবনযাপনের ক্ষেত্রেও আনতে হয়েছিল পরিবর্তন। বললেন, ‘সাধারণত খুব সকালে ঘুম থেকে ওঠা হয় না। অথচ গেরিলা ছবির কাজের জন্য খুব সকালে ঘুম থেকে উঠে যেতাম। অনেক রাত পর্যন্ত কাজ করতাম। টানা দেড়মাস কাজ করেছি। এত পরিশ্রমের পর যখন কোনো অর্জন হয়, তখন ভালো লাগাটা কেমন হয়, তা সত্যি বলে বোঝানো মুশকিল। আমি খুশি, অনেক বেশি খুশি।’
১৯৮৬ সাল থেকে পেশাদার হিসেবে গানের সঙ্গে যুক্ত হন সাইদ হোসেন টিপু। এবারই প্রথম গানের জন্য কোনো বড় একটি পুরস্কার অর্জন করতে যাচ্ছেন। টিপু বললেন, ‘প্রথমবারের মতো কোনো ছবিতে শব্দগ্রাহক হিসেবে কাজ করা, তা–ও আবার মুক্তিযুদ্ধভিত্তিক ছবি। আর প্রথম ছবিতে পুরস্কারের জন্য মনোনীত হলাম। বাচসাসের মতো এত বড় একটি সংগঠন থেকে পুরস্কার পাওয়টা নিঃসন্দেহে অনেক আনন্দের।’
এদিকে আবারও ছবির শব্দগ্রাহক হিসেবে কাজ করতে যাচ্ছেন টিপু। নাসির উদ্দীন ইউসুফের পরবর্তী ছবি আলফায় কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
নাসির উদ্দীন ইউসুফের গেরিলা ছবিটি ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১১টি বিভাগে পুরস্কার পায়। আর বাচসাস চলচ্চিত্র পুরস্কারে ছবিটি ১৩টি বিভাগে পুরস্কার পেতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর বিএফডিসিতে আনুষ্ঠানিকভাবে বাচসাস পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।