'চন্দ্রগ্রাস'-এ রাঘব ও মনোময়ের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য
রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য

বাংলাদেশের একটি মিশ্র অ্যালবামের জন্য গান গাইলেন ভারতের সংগীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায় ও মনোময় ভট্টাচার্য। রাজন সাহার সুর ও সংগীতে গান দুটি থাকবে চন্দ্রগ্রাস অ্যালবামে। সম্প্রতি কলকাতায় গান দুটির রেকর্ডিংয়ে অংশ নেন রাঘব ও মনোময়।
গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে রাঘব বলেন, ‘বাংলাদেশের গুণী শিল্পীদের নিয়ে একটি অ্যালবাম হচ্ছে, তাতে আমিও গাইলাম একটি গান—বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। এর আগেও বাংলাদেশের অনেকের সঙ্গে আমার গান করার সুযোগ হয়েছে। বরাবরের মতো এবারও বেশ ভালো লেগেছে। নতুন এই অ্যালবামের সুরকার ও সংগীত পরিচালক রাজনের কাজ আমার দারুণ পছন্দ হয়েছে।’
মনোময় ভট্টাচার্যের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি কলকাতার বাসায় ছিলেন। বললেন, ‘এবারই প্রথম বাংলাদেশের কোনো অ্যালবামে গান গাইলাম। খুব চমৎকার হয়েছে। গানটি গেয়ে আমারও খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি ভালোভাবে গাইবার।’
রাজন সাহা বলেন, ‘দুই দেশের গুণী শিল্পীদের একই অ্যালবামে রাখার প্রয়াস এটি। তাই খুব যত্ন নিয়ে অ্যালবামের গানগুলো তৈরি করছি। শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে অনেক ভাবতে হয়েছে।’
চন্দ্রগ্রাস অ্যালবামে এরই মধ্যে আরও গান গেয়েছেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী সুবীর নন্দী, সালাউদ্দিন আহমেদ, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। পয়লা বৈশাখে অ্যালবামটি বাজারে আসবে।