'ছক্কা' হাঁকালেন জাস্টিন বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

পপসংগীত তারকা জাস্টিন বিবার অবশেষে তাঁর দীর্ঘ প্রতীক্ষিত সেই সাফল্যের দেখা পেলেন। এবারের এমটিভি ইউরোপিয়ান অ্যাওয়ার্ডসের আসরে জাস্টিন বিবার জিতেছেন পাঁচ পাঁচটি পুরস্কার। গতকাল রোববার ২৫ অক্টোবর এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস’-এর এই আসরটি বসেছিল ইতালির মিলান শহরে।

এক আসরে পাঁচটি পুরস্কার প্রাপ্তির এ বিষয়টাকে ক্রিকেটের ‘ছক্কা’ হাঁকানো ছাড়া আর কিবা বলা যেতে পারে! জাস্টিন বিবারের এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস-এর আসরে পাঁচটি পুরস্কার প্রাপ্তি আক্ষরিক অর্থেও যেন তাই। আসলেই ছক্কা হাঁকিয়েছেন জাস্টিন বিবার। ‘বেস্ট মেল পারফরমার’, ‘বেস্ট কলাবুরেশন’, ‘বেস্ট লুক’-এর পুরস্কারসহ মোট পাঁচটি পুরস্কার ঝুলিতে পুরেছেন এই তারকা সংগীতশিল্পী।

পুরস্কার প্রদান আসরে উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে বিবার জানান, দীর্ঘদিন পর আমার সংগীতের স্বীকৃতিতে আমি উদ্বেলিত। এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস-এর আসরের মঞ্চে লাল পোশাক পরা বিবার তাঁর ‘হোয়াট ডু ইউ মিন’ গানটি গেয়ে শোনান।

এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস-এর মঞ্চে ‘বেস্ট কলাবুরেশন’-এর পুরস্কারটি হাতে নেওয়ার সময় বিবার বলে ওঠেন, ‘অসাধারণ সুন্দর একটা রাত।’ আবার, যখন তিনি ‘বেস্ট লুক’-এর পুরস্কারটি নিতে মঞ্চে ওঠেন; সে সময় বলেন, ‘ওয়াও’!!

অবশ্য, এবারের এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস-এর আসরে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে যে সংগীতশিল্পী সবচেয়ে এগিয়েছিলেন বলেই ধারণা করেছিলেন সবাই; অথচ সেই টেইলর সুইফট পেয়েছেন মাত্র একটি পুরস্কার; ‘বেস্ট সং’ (সেরা গান) ক্যাটেগরিতে। টেইলর সুইফট তাঁর ‘ব্যাড ব্লাড’ গানটির জন্য ‘বেস্ট সং’য়ের পুরস্কারটি পেয়েছেন।


এ আসরে পপ সংগীত তারকা রিয়ান্না পেয়েছেন বেস্ট ফিমেল পারফরমার (সেরা গায়িকা) পুরস্কার ও গায়িকা নিকি মিনাজ পুরস্কার পেয়েছেন ‘বেস্ট হিপহপ’ ক্যাটেগরিতে। এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস-এর এই পুরস্কার প্রদানের আসরটি প্রতি বছর ইউরোপের ভিন্ন ভিন্ন শহরে আয়োজিত হয়ে আসছে। এ আসরে সংগীতের বিভিন্ন ক্ষেত্রে সেরার পুরস্কারটি নির্ধারণে ভূমিকা রাখেন বিশ্বের সংগীতভক্তরা। ইয়াহু নিউজ।