>

সাঙ্গ হলো ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। গতকাল গভীর রাত পর্যন্ত শিকড়ের গানের মোহ পুরো শহরে ছড়িয়ে আসরটি এবারের মতো শেষ হলো। তিন দিনের এ উৎসবে অংশ নেন বিভিন্ন দেশের লোকগানের জনপ্রিয় শিল্পীরা। এ আয়োজনে গানের ফাঁকে কয়েকজন খ্যাতিমান শিল্পী কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। তাঁদের কথা নিয়েই এ আয়োজন। শিল্পীদের সঙ্গে কথা বলেছেন প্রণব ভৌমিক ও আদর রহমান
বাংলাদেশ বলতে পাপনের অনুভূতিটা হলো খুব কাছের একটা দেশ। এপাড়া-ওপাড়া বলতে আমরা যেমন বুঝি, পাপনের কাছে বাংলাদেশ নাকি তেমনই কিছু একটা। কিন্তু অবাক করা বিষয় হলো, এই তল্লাটে নাকি আগে আসাই হয়নি তাঁর। বাবা খগেন মোহন্তের কাছে শুনেছেন বাংলাদেশের কথা, বাংলাদেশের গান। বাবা যখন আসামের মঞ্চগুলো তাঁর অসমিয়া গান দিয়ে মাতিয়ে বেড়াতেন, তখন অনেক বাংলাদেশি বন্ধু ছিল তাঁর বাবার। বিশেষ করে সিলেটি বন্ধু। সিলেট আসামের পাশে বলে পাপনের ওপর নাকি খানিকটা সিলেটি প্রভাবও আছে। শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন না। তবে সিলেটের আঞ্চলিক ভাষায় নাকি স্পষ্ট করে কথা বলে যেতে পারেন।
ভারতের আসামের ছেলে পাপন এখন বলিউডের এক দারুণ জনপ্রিয় কণ্ঠ। শুধু বলিউডে নয়, পাপন গেয়েছেন বাংলা, অসমিয়া, মারাঠি; এমনকি তামিল ভাষার গানও। বলতে গেলে তাঁর ৩৯ বছরের লম্বা জীবনের প্রায় পুরোটাই ছিল গানে ঘেরা। পাপনের বাবা ও মা দুজনেই আসামের কিংবদন্তি লোকগানের শিল্পী। তাই ছেলেবেলা থেকেই গানের পোকা তাঁর ভেতর ঘাঁটি গাড়ে। সেই ছেলেবেলার গানের স্মৃতির কথা মনে করে পাপন বলেন, ‘আমাদের কাছে গান ছিল খুবই স্বাভাবিক। পড়ালেখা, খাওয়াদাওয়ার মতোই নিয়মিত বিষয়। তাই এই শিক্ষাকে ঘিরে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আমার ছোটবেলা অসমিয়া আর বাংলা গান শুনেই কাটত। আমাদের বাড়িতে নিয়মিত আসতেন সলিল চৌধুরী আর হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। কিন্তু এতই ছোট ছিলাম, আমি বুঝতামই না, এঁরা আসলে আমাদের গানের জগতের জন্য কত বড় বিষয় ছিলেন।’
পাপনের পুরো নাম অঙ্গরাগ মোহন্ত। তবে ওটা এখন শুধু কাগুজে নাম। বলিউডের ছবিতে গান করার পাশাপাশি এমটিভি কোক স্টুডিওতে করা তাঁর এক্সপেরিমেন্টাল ফোক গানগুলো পাপনকে যেন নিয়ে গেছে শ্রোতাদের আরও কাছে। প্রথমে শুধু নিজ রাজ্যে পাপন ছিলেন এক উন্মাদনার নাম, ভক্তদের কারণে দিনের আলোয় তিনি বাড়ি থেকে বেরই হতে পারতেন না। এখন সেই জনপ্রিয়তা ভারতজুড়ে। বাংলাদেশেও তাঁর ভক্ত–শ্রোতার কমতি নেই। বাংলাদেশের ভক্ত–শ্রোতাদের ব্যাপারে আঁচ করতে পেরে ভাঙা বাংলা আর শুদ্ধ ইংরেজিতে পাপন বলেন, ‘খুব আফসোস হচ্ছে এত পরে এত কম সময়ের জন্য এখানে এসে। বাংলাদেশে গান করার ব্যাপারে প্রস্তাব পাচ্ছি অনেক। দেখি, এবার সত্যিই এখানে গান গাওয়া নিয়ে সিরিয়াসভাবে ভাবতে হবে।’