'জ্যাকসন' জোসেফ, 'লিজ' শ্যানিং আর 'মারলন' কক্স

‘এলিজাবেথ, মাইকেল অ্যান্ড মারলন’—সর্বকালের সেরা তিন তারকার নাম। এই তিন তারকাকে নিয়ে তৈরি একটি টিভি চলচ্চিত্রের নামও এটি। একজন পপসম্রাট, অপর দুজন অভিনয়ের সফল এক জুটি। ছবিটি মুক্তি পাবে এ বছরই। ব্রিটিশ এই টিভি ছবির প্রধান চরিত্র ‘মাইকেল জ্যাকসন’-এর ভূমিকায় অভিনয় করছেন জোসেফ ফিয়েন্স। এলিজাবেথ টেইলরের চরিত্রে স্টকার্ড শ্যানিং আর ব্রায়ান কক্সকে দেখা যাবে মারলন ব্র্যান্ডো চরিত্রে।
তবে এই তিন তারকার কী এমন ঘটনা থাকতে পারে যা নিয়ে এমন চলচ্চিত্র তৈরি হচ্ছে! বিষয়টি জানতে একটু পেছনেই ফিরে তাকাতে হবে। ২০১১ সালে ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিন ঘটনাটি নিয়ে বেশ বড়সড় এক নিবন্ধ প্রকাশ করেছিল।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ছিল ‘পপসম্রাট’ মাইকেল জ্যাকসনের। সে আসরে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তারকা অভিনয়শিল্পী এলিজাবেথ টেইলর ও মারলন ব্র্যান্ডোকে। মাইকেল জ্যাকসনের মঞ্চ মাতানোর এটি ছিল ৩০ বছর পূর্তির আয়োজন। আর এ কারণে বেশ জাঁকালোই ছিল এই আয়োজন। সবকিছুই ঠিকঠাক ছিল, শুধু সময়টা ছাড়া।
২০০১ সালের সেপ্টেম্বরের ১০ তারিখে অনুষ্ঠিত হয় এই কনসার্ট। আর ঠিক এর পরের দিনটিতেই ঘটে ইতিহাসের কুখ্যাত সেই সন্ত্রাসী হামলা, ‘নাইন ইলেভেন’। নিউইয়র্কের সঙ্গে আকাশপথে বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বের সব যোগাযোগ। অনিশ্চিত হয়ে পড়ে মাইকেল জ্যাকসনের ক্যালিফোর্নিয়া ফেরা। তবে প্লেনের জন্য অপেক্ষা না করে আতঙ্কিত এলিজাবেথ আর মারলন ব্র্যান্ডোকে নিয়ে গাড়িতে করেই বেরিয়ে পড়েন মাইকেল জ্যাকসন।
নিজেরাই গাড়ি চালিয়ে এক সময় পৌঁছে যান যুক্তরাষ্ট্রের ওহাইও পর্যন্ত, এরপর শুরু হয় তাঁদের আকাশপথে যাত্রা। তাঁদের এই যাত্রাপথেরই বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি এই ছবি।
‘এলিজাবেথ, মাইকেল অ্যান্ড মারলন’ ছবির ব্রিটিশ ‘মাইকেল জ্যাকসন’ জোসেফ ফিয়েন্স প্রথম পাদপ্রদীপের আলোয় আসেন ‘শেক্সপিয়ার ইন লাভ’ ছবির মাধ্যমে। সে অবশ্য বেশ পুরোনো ঘটনা। এ অভিনেতার সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘হারকিউলিস’ ও ‘আমেরিকান হরর স্টোরি’। বিলবোর্ড ম্যাগাজিন।