'জয়তু' এবার তপন-বিশ্বজিৎ-সামিনার

একসঙ্গে এবারে দেশের তিন জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর দেখা মিলবে টিভি চ্যানেল একাত্তর-এর দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘জয়তু’তে। সামিয়া রহমানের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অসংখ্য জনপ্রিয় গানের এই তিন কণ্ঠশিল্পী এ সময়ের গান নিয়ে তাঁদের খোলামেলা মত প্রকাশ করেছেন।
তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী— এই তিন সংগীতশিল্পীরই রয়েছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। মঞ্চে বা টিভিতে লাইভ অনুষ্ঠানে অন্যের গান খুব বেশি একটা তাঁদের গাইতে হয় না।
কিন্তু এখন কেন সেই রকম গান হচ্ছে না? কেন নতুন কোনো গানই আর আগের মতো প্রাণ ছুঁয়ে যাচ্ছে না? আর কেনইবা এখন মৌলিক গানের অভাব? এমন অনেক প্রশ্নের জবাবে এই তিন কণ্ঠশিল্পী তাঁদের মতামত জানিয়েছেন।
তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী; দেশের এই তিন জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ‘জয়তু’ অনুষ্ঠানটির এবারের পর্বটি প্রচারিত হবে আগামী ৯ অক্টোবর শুক্রবার রাত ৯টায়।