'টিন' তারকা খুঁজবেন এলিটা, জন ও ফুয়াদ

এবার ‘টিন’ সংগীত তারকা খুঁজবেন এলিটা করিম, জন ও ফুয়াদ। ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ শিরোনামে শুরু হয়েছে এই ‘টিন’ সংগীত তারকা খুঁজে বের করার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার সেরা পাঁচজনকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা নিজেরাই একসঙ্গে গান গাইতে এবং গান তৈরি করতে শিখে। ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ ফুয়াদের কম্পোজ করা দু’টি নতুন গান আর একটি মিউজিক ভিডিও নিয়ে আসবে। এ মিউজিক ভিডিওর মাধ্যমে ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ পৌঁছে যাবে সারা দেশে। এমনটাই আশা করছে আয়োজন প্রতিষ্ঠান কোকা-কোলা।
‘আনন্দ ও মজা থাকুক সবার মাঝে’ স্লোগানে শুরু হয়েছে ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ প্রতিযোগিতা। এ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাদাব খান বলেছেন, ‘আত্মবিশ্বাস মানুষকে উদ্বুদ্ধ করে দারুণ কিছু করার জন্য। আর দারুণ কিছু করার মধ্যে থাকে বিপুল আনন্দ।’ তিনি জানান, ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ শুধুমাত্র প্রতিভা খুঁজে বের করার জন্যই না, বরং এ প্রতিভাকে কাজে লাগিয়ে তরুণেরা যেন দারুণ কিছু করতে পারে, সেটাই তাদের লক্ষ্য।’
আয়োজকদের দেওয়া তথ্য থেকে আরও জানা গেছে, ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ৩৬৯০ নম্বরে কল করে একটি বিপ আওয়াজ শোনার পর নাম, বয়স এবং ঠিকানা বলে নিজের পছন্দের যেকোনো গান গাইতে হবে। গান শেষ হওয়ার পর হ্যাশ (#) চাপতে হবে।
অডিশন দিতে চাইলে ১ এবং আবারও অডিশন দিতে হলে ২ চাপতে হবে। এই অডিশন পর্ব থেকে সেরা ৩০০ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে।
দ্বিতীয় ধাপে সেলিব্রিটি বিচারকেরা ৩০০ জন অংশগ্রহণকারী মধ্যে থেকে বাছাই করে ১০০ জনকে বের করবেন। গায়কি প্রতিভার পাশাপাশি তাদের পরিবেশনাকে যাচাই করবেন বিচারকেরা। প্রত্যেকের আলাদা অডিশন নেওয়ার পর ২০ জন মেধাবী টিনএজার সুযোগ পাবে ফাইনালে ওঠার। আর এই ২০ জনের মধ্য থেকেই বিচারকেরা খুঁজে বের করবেন সেরা পাঁচজনকে। তারা হবেন দেশের প্রথম ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’।
এ আয়োজনটি শেষ হবে একটি গালা ইভেন্টের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ মিউজিক ভিডিওর গান দু’টি দর্শকদের সামনে পারফর্ম করবে। রিয়েলিটি শো ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ সরাসরি সম্প্রচার করা হবে গাজী টিভিতে।