'ঢাকা অ্যাটাক'-এ গাইবেন অরিজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরিজিৎ সিং
অরিজিৎ সিং

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বাংলাদেশের ছবিতে গান গাইবেন ভারতের সংগীতশিল্পী অরিজিৎ সিং। শেষ পর্যন্ত বিষয়টি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোনোকিছুই চূড়ান্ত হয়নি। এবার সত্যি সত্যি বাংলাদেশের সিনেমায় গান গাইতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
|‘ঢাকা অ্যাটাক’ ছবিতে গান গাওয়ার ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অরিজিৎ সিং চুক্তিবদ্ধ হয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন এ ছবির নির্মাতা দীপঙ্কর দীপন।
দীপন বলেন, ‘অরিজিৎ এ ছবির জন্য গান গাইবেন, এটা চূড়ান্ত। চুক্তিপত্রে সইও করেছেন তিনি। তবে এখনো গানটিতে কণ্ঠ দেননি। দিন দুয়েকের মধ্যে কণ্ঠ দেওয়ার কাজটিও শেষ হয়ে যাবে।’
টিভি নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন নির্মাতা দীপঙ্কর দীপন। তাঁর পরিচালনায় দর্শক দেখেছেন দারুণ কিছু নাটক। এবার তিনি নেমেছেন সিনেমা নির্মাণে। দীপনের প্রথম সিনেমার নাম ‘ঢাকা অ্যাটাক’। সদ্য শুটিং শুরু হওয়া এ ছবিটি এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। এ ছবির প্রধান নায়ক-নায়িকা হিসেবে আছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।
গতকাল রোববার ঢাকার তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে শুভ-মাহি জুটির দ্বিতীয় ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং শুরু হয়েছে। এর ঠিক দিন কয়েক আগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে এ ছবির মহরতও অনুষ্ঠিত হয়েছে।

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অরিজিৎ সিং যে গানটি গাইবেন তা লিখেছেন কলকাতার জনপ্রিয় ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায়। ‘চুপচাপ’ শিরোনামের ওই রোমান্টিক গানটির সংগীতায়োজন করছেন অরিন্দম চট্টোপাধ্যায়।