'তাঁকে কখনোই রাগ হতে দেখিনি'

‘দীর্ঘ সংগীতজীবনে তাঁকে কখনোই রাগ হতে দেখিনি। খুব শান্তভাবে তিনি কাজ আদায় করে নিতে পারতেন।’ ‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’-এর এবারের আসরে মঞ্চে আজীবন সম্মাননা পুরস্কার প্রদানের ফাঁকে সুরকার ও সংগীত পরিচালক আলম খান প্রসঙ্গে কথাগুলো বলছিলেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে ছিল জীবনের জয়গানের নবম আয়োজন সম্পন্ন হয়। তরুণ গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রী অন্বেষণের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এবারের আসরে যাঁরা আজীবন সম্মাননা পেয়েছেন, তাঁদের এমন অর্জনে খুবই খুশি রুনা লায়লা। তিনি বলেন, ‘আজীবন সম্মাননা যাঁরাই পেয়েছেন, তাঁরা মোর দ্যান ডিজারভিং।’
সংগীতে অবদানের জন্য আজীবন সম্মাননা পাওয়া আলম খান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘তিনি যত বড় সুরকার, তার থেকেও বড় একজন মানুষ। তাঁর সঙ্গে বহু বছর অনেক গান করেছি। একক, দ্বৈত, কোরাস ও বিভিন্ন সিনেমার গান সবই গেয়েছি। দীর্ঘ সংগীতজীবনে তাঁকে কখনোই রাগ করতে দেখিনি। সব সময় খুব শান্তভাবে তিনি কাজ আদায় করে নিতে পারতেন। গান তুলে দিয়ে বলতেন যে এটাই সুর, এবার গানের মধ্যে আপনি আপনার মতো অলংকার দিতে পারেন। যেভাবে পারেন গেয়ে যান, আমার কোনো আপত্তি নাই। সংগীতপরিচালকের কাছ থেকে এ রকম স্বাধীনতা পেলে অনেক ভালো কাজ করা সম্ভব। অভিব্যক্তি ও আবেগ দিতে খুব সুবিধা হয়।’
সবশেষে রুনা লায়লা বলেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই, আলম খান সাহেব আমাদের সংগীতজগতের বিরাট মূল্যবান সম্পদ। তাঁকে আমরা সুস্থ দেখতে চাই। তিনি আবার কাজ করবেন আর আমরাও যেন আবার কাজ করার সুযোগ পাই।’