'তুমি যে আমার' ছবিতে চিরকুটের গান

চিরকুটের বেশ কয়েকটি জনপ্রিয় গান ইতিমধ্যে কেড়ে নিয়েছে তরুণদের মন। আবারও চলচ্চিত্রের জন্য একটি গান করছে তরুণদের অন্যতম প্রিয় এ গানের দলটি। মুহাম্মদ মোস্তফা কামালের নতুন ছবি ‘তুমি যে আমার’-এর জন্য গান করছে চিরকুট।
গানের দল চিরকুটের সুর ও সংগীতে ‘শত্রু যখন কাছের বন্ধু/দুজন যখন মিত্র, তখনই জীবন দীর্ঘ জীবন/তখন নতুন চিত্র’ গানের কথাগুলো লিখেছেন কবির বকুল। চিরকুট জানায়, যেহেতু তারা খুব কম গান করে, তাই সব সময়ই শ্রোতাদের একটু ব্যতিক্রম কিছু দিতে চেষ্টা করে দলটি। সে জন্যই বেশ সময় নিয়ে ‘শত্রু যখন কাছের বন্ধু’ গানটি করছে তারা।
‘তুমি যে আমার’ ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘আমি নিজে চিরকুটের খুব ভক্ত। সুমি আপা এবং চিরকুটের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাঁরা আমাকে অসম্ভব ভালোবাসা ও সহযোগিতা দিয়ে এই গানটা তৈরি করেছে। আশা করি, গানটি মানুষের ভালো লাগবে।’ ‘তুমি যে আমার’ ছবিটি প্রযোজনা করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।