'তোমার সঙ্গে আমার রাত পোহানোর কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে গাইছেন জলের গানের সদস্যরা l ছবি: প্রথম আলো
মঞ্চে গাইছেন জলের গানের সদস্যরা l ছবি: প্রথম আলো

মুঠোফোনে বার্তা আসে। ‘বন্ধু, জলের গানের অন্তরঙ্গ গানের আসরে আপনি আমন্ত্রিত। ২২ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমী।’
যথাসময়ে, যথাস্থানে হাজির হয়ে ছোট্ট একটা ধাক্কা খেয়েছেন অনেকেই। বিয়ের অনুষ্ঠানের মতো সাজানো চিত্রশালা মিলনায়তনের গেট। ঘ্রাণ ছড়াচ্ছে রজনীগন্ধা। অভ্যর্থনা জানাচ্ছেন জলের গানের সদস্য জার্নাল। তাঁর পরনে গোলাপি পাঞ্জাবি।
ভেতরে ঢুকে দ্বিতীয় ধাক্কা। সাজানো মঞ্চে সানাই বাজছে, ঠায় দাঁড়িয়ে দলটির বাদ্যগুলো।
গানের দলটি জানাল, সম্প্রতি সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা ব্যান্ড নির্বাচিত হয়েছে জলের গান। বন্ধুদের সেই প্রাপ্তির অংশীদার করে নিতেই এ আয়োজন।
আসর শুরু হয় ‘বকুল ফুল বকুল ফুল’ গান দিয়ে। এরপর ‘ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সঙ্গে আমার রাত পোহানোর কথা’। এই গানের মধ্য দিয়ে স্মরণ করা হয় পয়লা বৈশাখে টিএসসিতে ঘটে যাওয়া নারী অবমাননার ঘটনাকে। গানে গানে তাঁরা প্রত্যাশা করেন, সামনের বৈশাখী উৎসবে অমনটি আর হবে না। দর্শকদের ভীষণভাবে নাড়িয়ে যায় তাঁদের সেই প্রত্যাশা।
মঞ্চে ছিলেন না জার্নাল। দুটি গানের পর তাঁকে ডাকা হয়। সঙ্গে নববিবাহিতা স্ত্রী কথা। কথা গেয়ে শোনান ‘এমন যদি হতো, আমি পাখির মতো’ গানটি। রাহুল জানালেন, আগামী পাঁচ মাস জার্নাল দলের সঙ্গে থাকছেন না। ফেলোশিপ নিয়ে বাজাতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় অর্কেস্ট্রার সঙ্গে। রাহুল দর্শকদের সামনে তাঁকে জিজ্ঞেস করলেন, ‘ফিরছ তো আবার?’
কথা-রসিকতা-দুষ্টুমির ফাঁকে ফাঁকে একের পর এক গান। ‘বৃষ্টি এল টাপুরটুপুর’, ‘হরেক রঙের বাহারে, সকাল হলো আহারে’, ‘মাটির ঘরে বসত করে’, ‘তোমার জন্য আকাশ ভরা তারা’, ‘বাউলা বাতাস, আউলা চুলে’।
শোনা হলো ‘উড়ছি কেন, কেউ জানে না’, নতুন গান ‘শূন্যতে আছি রে আমি, শূন্যতায় বাঁচি’, ‘আন্ধার রাইতে, চান্দের আলো’, ‘চন্দনী মাটিতে নামিয়া আইসো’ গানগুলো। ফারাবি ও সীমান্ত নামের দুই দর্শক গাইলেন ‘কাগজের নৌকা’ গানটি।
এক বিদেশিনীর অনুরোধে শোনানো হলো ‘দ্বিতল চিঠি’ আর ‘আমি এক পাতার ছবি আঁকি’ গান দুটি।
জলের গান শুনে পথে নামলে দেখা যায়, চিত্রশালার উঠান জলে ভিজে একাকার। মিলনায়তনে বসে টের পাওয়া যায়নি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল।