'দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী' এখন অনলাইনে

গত আগস্টের শুরুতে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৪৫টি গানের সংকলন। মোট চারটি সিডিতে সেটি বাজারেও এসেছে। ওই সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দর্শকের উপভোগ করেছিলেন সৈয়দ আব্দুল হাদীর ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র। ৩৫ মিনিটের তথ্যচিত্রটি ওই সময় বেশ সমাদৃত হয়েছিল।
তবে সেটি আমন্ত্রিত দর্শকের জন্য প্রদর্শিত হলেও এবার তা দেখা উন্মুক্ত হলো হাদী-ভক্তদের জন্য। ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের প্রামাণ্য চিত্রটি এখন দেখা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ (banglaflix.com.bd)।

গুণী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে ৩৫ মিনিটের প্রামাণ্য চিত্রটি তৈরি করেছেন সাদাত হোসাইন। বাংলা ঢোলের প্রযোজনায় নির্মিত প্রামাণ্য চিত্রটিতে জনপ্রিয় এই শিল্পীর অনেক অজানা দিক তুলে ধরা হয়েছে, যা দেখে তরুণ শিল্পী ও ভক্তরা অনেক কিছুই জানতে পারবেন বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান।