'ধোঁয়া' নিয়ে আসছেন কুসুম

গান আর লেখালেখিতে দারুণ আগ্রহ কুসুমের। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তাঁর কবিতার বই নীল ক্যাফের কবি। তখন জানিয়েছিলেন, গানে মনোযোগী হবেন। সম্প্রতি নিজের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী কুসুম সিকদার।
১৮ বছর আগে প্রকাশিত হয়েছিল কুসুমের একটি একক অ্যালবাম। এত দিন পর নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বছর দুয়েক ধরে নতুন করে গাইবার তাড়না অনুভব করছিলাম। “ধোঁয়া” গানটি রেকর্ডিংয়ের কিছু ভিডিও ফেসবুকে প্রকাশ করেছিলাম। ভেবেছিলাম, দেখি তো সবাই কী বলে। দেখলাম, মাত্র পাঁচ ঘণ্টায় ৩০ হাজারবার দেখা হয়েছে সেই ভিডিও। এরপর আমি গানটি নিয়ে আশাবাদী হয়ে উঠি।’ কুসুম জানালেন, শিগগিরই নতুন এই গানটির একটি পূর্ণ ভিডিও নির্মাণের ইচ্ছা আছে তাঁর। প্রায় ১৫ বছর উচ্চাঙ্গ ও নজরুলসংগীতে তালিম নিয়েছেন তিনি। সংগীতাঙ্গনের বেশ কজন শিল্পীর উৎসাহে এত দিন পর নতুন গান রেকর্ডের প্রেরণা পেয়েছেন তিনি। ‘ধোঁয়া’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান।
কুসুম সিকদারের প্রথম একক গানের অ্যালবাম তুমি আজ কত দূরে। তার ঠিক বছরখানেক পর অদল-বদল ও জীবনের যত চাওয়া নামে আরও দুটি মিশ্র গানের অ্যালবামে কণ্ঠ দেন তিনি।