'নজরুলসংগীত ও ফিরোজা বেগম সমার্থক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজা বেগম
ফিরোজা বেগম

‘ফিরোজা বেগম কেবল বাংলাদেশেই নন, তিনি ছিলেন বাংলা ভাষাভাষী মানুষের শিল্পী। নজরুলসংগীত ও ফিরোজা বেগম সমার্থক।’
গতকাল বুধবার বিকেলে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন আয়োজিত ফিরোজা বেগমের স্মরণসভায় উপহাইকমিশনার আবিদা ইসলাম এ কথা বলেন। এ সময় তিনি বলেন, শুদ্ধভাবে নজরুলের গান সবার কাছে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার চেষ্টা করছে। উপহাইকমিশনের সভাকক্ষে ওই স্মরণসভার আয়োজন করা হয়। আবিদা ইসলামের সভাপতিত্বে এ স্মরণসভায় উপস্থিত ছিলেন নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী, সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা, কথাসাহিত্যিক ও নজরুল গবেষক বাঁধন সেনগুপ্ত, সাহিত্যিক জিয়াদ আলী, পশ্চিমবঙ্গের তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্যসহ বিশিষ্ট ব্যক্তিরা।

ফিরোজা বেগমের স্মৃতিচারণা করতে গিয়ে হৈমন্তী শুক্লা বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছে যে আমি অনেক ছোটবেলা থেকে তাঁকে দেখে এসেছি। আমার বাবার সঙ্গেও তাঁর খুব ​ভালো সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তাঁকে দেখেছি, তিনি শুধু গানে নন ব্যক্তিজীবনেও অনন্যা।’ হৈমন্তী আরও বলেন, ‘যতদিন বাঙালি থাকবে, ততদিন ‘‘এমনই বরষা ছিল সেদিন...’’ থাকবে। উনি গানটা হৃদয় দিয়ে গাইতেন, যার ফলে ওনার গান আমাদের মুগ্ধ করত। তবে শুধু নজরুলসংগীতই নন, সব রকম গানেই তিনি ছিলেন সমান পারদর্শী।’

বিশিষ্ট এই শিল্পীর মতে, নজরুলকে নিয়ে গবেষণা, চর্চা, সংরক্ষণের দিক থেকে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশ বেশ খানিকটা এগিয়ে আছে।
নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজীর মতে, ফিরোজা বেগমের একমাত্র পরিচয় তিনি দেশ-বিদেশের প্রবাদপ্রতিম শিল্পী। নজরুলের গানকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন ফিরোজা বেগম।
উপহাইকমিশনের প্রেস সচিব মোফাখখারুল ইসলাম বলেন, ‘আমি কলকাতায় এসেছি মাত্র আড়াই মাস। ঢাকায় মাঝেমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছে ফিরোজা আপার শারীরিক খবর নিতাম।’

বাঁধন সেনগুপ্ত বলেন, ফিরোজা বেগম নিষ্ঠা, সততা আর সততার গুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নজরুলসংগীতের সম্রাজ্ঞীর আসনে।