'নজরুলসংগীত নিয়ে প্রতারণা চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে নজরুলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে নজরুলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা। ছবি: প্রথম আলো

নজরুলের গানে নতুনভাবে সুরারোপের কথা বলে কেউ কেউ অর্থ মন্ত্রণালয় থেকে অনুদান নিচ্ছেন। কিন্তু নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমি কপিরাইট আইন অনুযায়ী বলব, নজরুলের গানে নতুনভাবে সুরারোপের অধিকার কারও নেই।’ তিনি বলেন, ‘নজরুলসংগীত নিয়ে প্রতারণা চলছে।’
শনিবার জাতীয় কবির ৪০তম প্রয়াণবার্ষিকীতে নজরুল ইনস্টিটিউট আয়োজিত দুদিনব্যাপী আয়োজনের মূল দিবসের অনুষ্ঠানে এসে এ কথা বললেন অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি আক্ষেপ করে বলেন, ‘জাতীয় অর্থবছরের বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য যতটুকু বরাদ্দ আছে, তা-র সর্বনিম্ন বরাদ্দ নজরুল ইনস্টিটিউটের জন্য।’ এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নজরুল ইনস্টিটিউট আয়োজন করে আলোচনা, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘নজরুলের সৃষ্টির প্রভাব বিস্তৃত, নজরুলের সৃজনশীল জীবন ছিল মাত্র ২২ বছর। এ অল্প সময়ে তিনি যে কর্মযজ্ঞ রেখে গেছেন, তা অনন্য। গল্প-কবিতা-উপন্যাসে সাবলীল গতিতে অসাধারণ মেধায় বাংলা সংস্কৃতিকে উপস্থাপন করেছেন নজরুল।’
জাতীয় কবির নাতনি খিলখিল কাজী বলেন, ‘দাদু সারা জীবন ভর মানুষ ও জীবনের জয়গান গেয়েছেন। সাম্যের গান গেয়ে তিনি জীবনভর ধর্মের উগ্রতার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, সাহিত্যে ঘৃণা প্রকাশ করেছেন।’ নজরুলসংগীতের সঠিক স্বরলিপি প্রণয়নের মাধ্যমে নজরুল ইনস্টিটিউট নবপ্রজন্মের মধ্যে নজরুল চর্চাকে আরও বেশি বিকশিত করেছে বলে মন্তব্য করেন ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের এই সদস্য।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্কৃতি সচিব আক্‌তারী মমতাজ বলেন, ‘জঙ্গিবাদ ও মৌলবাদী সন্ত্রাসের বিকাশের ধারাবাহিকতায় এই প্রজন্মকে মানবিক মূল্যবোধে পুনরুজ্জীবিত করতে হলে নজরুলকে আরও বেশি করে জানতে হবে, তাঁর সাহিত্যকর্মকে আরও বেশি চর্চা করতে হবে।’
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। প্রবাসে নজরুল সাহিত্য গবেষণার নানা দিক তুলে ধরেন কবি সুফিয়া কামালপুত্র সাজেদ কামাল, নজরুল সাহিত্যের নানা দিক নিয়ে আলোকপাত করেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম।
পরে নজরুল সংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পী সাদিয়া আফরিন মল্লিক ও নজরুল গবেষণায় অনন্য অবদানের জন্য গবেষক আবু হেনা আবদুল আউয়ালকে ‘নজরুল পুরস্কার ২০১৫’ প্রদান করা হয়।
সম্মাননা স্মারকের পাশাপাশি শিল্পীদের এক লাখ টাকা সমমূল্যের একটি চেকও প্রদান করেছে নজরুল ইনস্টিটিউট।