'নতুনেরা টাকার পেছনে ছুটছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাউদ্দীন আলী
আলাউদ্দীন আলী

‘সংগীতাঙ্গনের বেশির ভাগ নতুনেরা টাকার পেছনে ছুটছে। এরা খুব দ্রুত জনপ্রিয়তা কামাতে চায়, শিখতে খুব একটা আগ্রহীও নয়। আবার সিনিয়রদের প্রতি এদের শ্রদ্ধাবোধও কম।’ কথাগুলো আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন তিনি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নতুন প্রজন্মের কয়েকজন শিল্পী আলাউদ্দীন আলীর সুর ও সংগীতের কিছু গান পরিবেশন করেন। সে সময় টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখছিলেন তিনি। বেসুরো সেসব গান শুনে রীতিমতো খেপেই গিয়েছিলেন তিনি। ফেসবুকে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন।
কথা প্রসঙ্গে আলাউদ্দীন আলী বললেন, ‘প্রথমেই বলব, এই প্রজন্মের বেশির ভাগের মধ্যেই শ্রদ্ধাবোধ অনেক কম। এরা অনেক সময় টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে জ্যেষ্ঠ শিল্পীদের গান গাইলেও গানটির মূল শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের নামটা পর্যন্ত নিতে চায় না।’ তিনি বলেন, ‘অনেকে তো জানেই না যে গানটি প্রথম যখন তৈরি হয়; এর সঙ্গে কারা জড়িত ছিলেন। এদের আরেকটা বড় সমস্যা, অনেকেরই সাধনা জ্ঞানই নাই।

আলাউদ্দীন আলী বলেন, ‘এরা টাকার পেছনেই ছুটছে। আমাদের সময় দেখেছি, গায়ক-গায়িকারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান রেকর্ডিং করেছেন আবার গানের চর্চাও অব্যাহত রেখেছেন। এখন তা খুব একটা চোখে পড়ে না।’
আলাউদ্দীন আলী এও বলেন, ‘আমি কিন্তু নিজেকে এখনো নতুন মনে করি। প্রতিনিয়তই শিখছি। কষ্ট হচ্ছে, এখনো পুরোনো শিল্পীদের প্রতি যে আস্থা নিয়ে কাজ করতে পারি, নতুনদের নিয়ে সেই ভরসা পাই না। তবে নতুনদের কেউ কেউ কিন্তু খুব ভালো গায়। এটাও ঠিক যে, সংগীতে নতুন-পুরোনো বলতে কিছু নেই। সত্তর-আশি বছর বয়সেও একজন শিল্পী সুপার রোমান্টিক গান গেয়ে মাত করছেন। নতুনদের মধ্যে চট করে কানে লাগার মতো শিল্পী আমার চোখে পড়েনি। কারও কারও দারুণ সম্ভাবনা আছে। কিন্তু ওই যে, সাধনা আর মমতার বড়ই অভাব। তাই তো নতুন প্রজন্মের প্রতি আমার ক্ষোভ আছে।’