'নতুন' রূপে আসছেন ইমন সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন সাহা
ইমন সাহা

বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও সংগীতপরিচালক ইমন সাহা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন সাহা। তাঁর সুর-সংগীতে অ্যালবাম ও চলচ্চিত্রের গান গেয়ে অনেক শিল্পীই জনপ্রিয় হয়েছেন। তাহলে এতকাল পর আবারও ‘নতুন’ করে শ্রোতাদের কাছে আসার পেছনে কী কারণ? ইমন সাহা তাঁর প্রথম একক গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের ভালোবাসা দিবসে তাঁর প্রথম একক অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন বলেই প্রথম আলোকে জানিয়েছেন ইমন সাহা।


আজ সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে ইমন সাহা বলেন, ‘চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনায় আমাকে এখন বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। এই মুহূর্তে আমার হাতে অনেকগুলো ছবির কাজ। এসব কাজের ফাঁকে অ্যালবামের কাজও করতে হচ্ছে। যেহেতু এটি আমার প্রথম একক গানের অ্যালবাম। তাই অনেক চিন্তাভাবনা করেই কাজটা করছি।’ তিনি বলেন, ‘অনেক গানই আছে। সেখান থেকে অ্যালবামের জন্য সাত থেকে আটটা গান বাছাই করব। এখন পর্যন্ত শুধু টাইটেল গানটির ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। “থ্যাংক ইউ টিচার” নামের এই গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ।’

প্রথম অ্যালবামের গানের ধরন কেমন হবে? এ প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘আমার প্রথম অ্যালবামের গানের মধ্যে প্রাধান্য পাবে ‘সফট মেলোডি’ ধাঁচটা।’ তিনি জানান, তিনি তাঁর স্টাইলের বাইরেও গান করার কথা ভাবছেন। যা দেখে হয়তো তাঁর পরিচিতজন থেকে শুরু করে সকলে একটু হলেও নড়েচড়ে বসবেন।

সম্প্রতি ভারতের মাদ্রাজে কেএম কলেজ অব মিউজিক অ্যান্ড টেকনোলজি থেকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ওপর দুই বছরের উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন সংগীতপরিচালক ইমন সাহা। যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত এই কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রাহমান। এর আগে একই কলেজ থেকে সংগীতের ওপর দুই বছরের একটি ডিগ্রি সম্পন্ন করেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইমন।