'নীল ঝিনুকের খাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপঙ্কর বাগচী ও ফাহমিদা নবী l ছবি: সংগৃহীত
রূপঙ্কর বাগচী ও ফাহমিদা নবী l ছবি: সংগৃহীত

নতুন বছর আসতে এখনো বাকি এক দিন। তবে নতুন বছর ঘিরে বেশ আগে থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন ফাহমিদা নবী। আসছে বছরের ভালোবাসা দিবসে তিনি আনছেন নতুন গানের অ্যালবাম নীল ঝিনুকের খাম। তিনি জানান, নতুন অ্যালবামে তাঁর সঙ্গে আরও শোনা যাবে কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীকে। এটি হবে ফাহমিদা নবী ও রূপঙ্কর বাগচীর প্রথম দ্বৈত অ্যালবাম।
এর আগে ২০১২ সালে ফাহমিদা নবী ও রূপঙ্কর বাগচী একসঙ্গে গান করেছিলেন পরস্পর নামের একটি মিশ্র অ্যালবামে। তবে এবার মিশ্র নয়, নতুন অ্যালবামে ফাহমিদা নবীর দুটি ও রূপঙ্করের দুটি একক; আর তাঁদের দুজনের দ্বৈত গান থাকছে চারটি। সব গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। গানগুলোয় সুর বসিয়েছেন রূপঙ্কর আর সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক ইন্দ্রজিৎ দে।
নীল ঝিনুকের খাম নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এ অ্যালবামের গানের কথায় থাকবে অনেক সহজ কিছু আবেগ আর অনুভূতির গল্প। গানগুলো আমাদের রোজকার জীবনের ভালোবাসার কথা বলবে।’ তিনি জানান, এখনো তিনি গানগুলোর জন্য কণ্ঠ দেননি। আপাতত অনুশীলন চলছে। তবে রূপঙ্কর এরই মধ্যে গানে কণ্ঠ দিয়েছেন বলে জানিয়েছেন অ্যালবামটির গীতিকার ও সংগঠক জুলফিকার রাসেল। তিনি আরও জানান, আসছে ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ করবে লেজার ভিশন।