'পুরোনো মসজিদ' দিয়ে সিনেমায় ফিরলেন নচিকেতা

শেষবার ‘কাটাকুটি’ সিনেমায় গান করেছিলেন নচিকেতা। সেটা পাঁচ বছর আগের কথা। দীর্ঘ বিরতির পর এ বছর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘জুলফিকার’-এ ‘পুরোনো মসজিদ’ গানটি গেয়েছেন তিনি।
নব্বই দশক থেকে জীবনমুখী বাংলা গানে নচিকেতা এক পরিচিত ও প্রিয় নাম। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম। ‘এই বেশ ভালো আছি’ নামের ওই অ্যালবাম রাতারাতি পেয়ে যান দারুণ জনপ্রিয়তা। ১৯৯৭ সালে ‘জীবনযুদ্ধ’ ছবিতে গান করার মধ্য দিয়ে সিনেমার গানে তাঁর যাত্রা শুরু হয়। যদিও তাঁর একক অ্যালবামগুলোই তাঁকে বেশি খ্যাতি এনে দিয়েছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে সিনেমার জন্যও তিনি গান করে গেছেন। গত বছর মুক্তি পায় নচিকেতার একটি একক অ্যালবাম ‘আয় ডেকে যায়’। মুক্তি পায় ‘একলব্য’ ব্যান্ডের সঙ্গে তাঁর যৌথ অ্যালবাম ‘দ্রোণ এবং একলব্য’।
দীর্ঘ বিরতির পর এ বছর ‘জুলফিকার’ ছবিতে গাইলেন নচিকেতা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘জুলফিকার’ মুক্তি পাবে পূজার ঠিক আগে। অনুপম রায়ের সুরে নচিকেতার গাওয়া ‘এক পুরোনো মসজিদে/ গান ধরেছে মুর্শিদে’ গানটির ভিডিও গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। এত দিন পর আবারও সিনেমার গানে কণ্ঠ দেওয়ায় শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন অনেক ভক্ত।