'প্রাণের খেলা'তে নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে গান গাইছেন ইয়াকুব আলী খান
অনুষ্ঠানে গান গাইছেন ইয়াকুব আলী খান

আয়োজনটি ছিল নজরুলের গান নিয়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বেঙ্গল ফাউন্ডেশনের ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয় ‘প্রাণের খেলা’ নামে গানের এই আসর। এতে নজরুলসংগীত পরিবেশন করেন ইয়াকুব আলী খান ও শারমিন সাথী ইসলাম। প্রায় ২০টি নজরুলসংগীত পরিবেশন করেন এই দুই শিল্পী। তাঁদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় এনামুল হক ওমর, কি–বোর্ডে রূপতনু, গিটারে মনোয়ার হোসেন টুটুল ও বেহালায় আলমাস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
তবে বৃহস্পতিবারের আয়োজনের মধ্য দিয়েই কিন্তু শেষ হচ্ছে না ‘প্রাণের খেলা’। আগামী ৯ জুন আবার বসবে গানের এই আসর। সেদিন থাকবে রবীন্দ্রনাথের গানের পরিবেশনা। গান গেয়ে শোনাবেন মহিউজ্জামান চৌধুরী ও শামা রহমান। এবারের আয়োজনের মতো ‘প্রাণের খেলা’র দ্বিতীয় অংশও থাকবে সবার জন্য উন্মুক্ত।