'বাংলাদেশের লোকসংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১২ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ মোট পাঁচটি দেশের শিল্পীরা। এ দেশের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি দেশের বাইরের লোকগানের তারকা শিল্পীরাও এ উৎসবের অংশ হতে যাচ্ছেন। ধারাবাহিক এ আয়োজনে আজ থাকছে আয়োজকের কথা।

‘বাংলাদেশের লোকসংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে চাই। এ জন্য আমরা এই উৎসবের আয়োজন করেছি।’ বললেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। ১২ নভেম্বর শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। এই উৎসব আয়োজনের উদ্দেশ্যের কথা এভাবেই বললেন তিনি। গতকাল শনিবার সকালে

অঞ্জন চৌধুরী
অঞ্জন চৌধুরী

মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে। তখন তিনি ছিলেন সিঙ্গাপুরে। মেরিল নিবেদিত তিন দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস।
অঞ্জন চৌধুরী আরও বলেন, ‘স্কয়ার খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা কিছুর পৃষ্ঠপোষকতা করছে। ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব আমাদের তেমনই এক উদ্যোগ। লোকসংগীত হলো শিকড়ের গান। বাংলাদেশের লোকসংগীত খুবই সমৃদ্ধ। এই লোকসংগীতকে টিকিয়ে রাখার জন্য, পাশাপাশি এই চর্চা বাড়াতে এ ধরনের উৎসব আয়োজনের কোনো বিকল্প নেই। আর তার জন্য এখনই উপযুক্ত সময়। আরেকটা কথা সবাইকে মনে রাখতে হবে, আমরা যেন শিকড় থেকে সরে না যাই।’
এর আগে মাছরাঙা টেলিভিশনে লোকগান নিয়ে আয়োজন করা হয় রিয়েলিটি শো ‘বাউলিয়ানা’। এই আয়োজনের সেরা ছয়জন প্রতিযোগীর গান নিয়ে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স থেকে প্রকাশ করা হয় বাউলিয়ানা নামে একটি অডিও অ্যালবাম। এর সংগীতায়োজন করেন দেশের বিশিষ্ট সংগীত পরিচালকেরা।
ভবিষ্যতে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ আয়োজন অব্যাহত রাখার ব্যাপারে অঞ্জন চৌধুরী বলেন, ‘এবারের উৎসব সফল হওয়ার ওপর সবকিছু নির্ভর করছে। উৎসবের প্রবেশপত্র পাওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ লক্ষ করছি। নিবন্ধনের সংখ্যা আশানুরূপ। আশা করছি, উৎসব শেষে আমরা ইতিবাচক ঘোষণা দিতে পারব।’ ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত তিন দিনের এই উৎসবে গান করবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও চীনের শিল্পীরা। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়, চলবে মধ্যরাত পর্যন্ত।