'বাবা অনেক বেশি খুশি হয়েছেন'

এই নিয়ে টানা সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কারে তারকা জরিপ বিভাগে সেরা গায়িকা নির্বাচিত হলেন সংগীতশিল্পী ন্যান্সি। ২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগীতশিল্পী ফাহমিদা নবী ন্যান্সির হাতে সেরা গায়িকার পুরস্কার তুলে দেন।
তারকা জরিপে সেরা গায়িকার এমন সম্মান অর্জন করতে পেরে শিল্পী ন্যান্সি যেমন খুশি, তার চেয়েও বেশি খুশি হয়েছেন তাঁর বাবা নাঈমুল হক। আজ মঙ্গলবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপের সময় ন্যান্সি তাঁর বাবার খুশি হওয়ার ব্যাপারটি জানান।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমি এর আগে ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারের তারকা জরিপ বিভাগে সেরা গায়িকার পুরস্কার পেয়েছি। কখনোই বাবা আমার সঙ্গে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসেননি। এবার বাবা এসেছেন। সেরা গায়িকার নাম ঘোষণার পর আমি তাঁকে জোর করে সঙ্গে নিয়ে মঞ্চে উঠেছি। পুরস্কার নেওয়ার সময় তিনি আমার পাশেই ছিলেন। ওই সময়টা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
ন্যান্সি জানান, বাবার বিশ্বাস ছিল, তাঁর মেয়ে এবারও সেরা গায়িকার পুরস্কার পাবেন। কিন্তু কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে সেই অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। অবশেষে সেরা গায়িকা হিসেবে তাঁর মেয়ের নাম ঘোষণার পর তিনি খুবই খুশি হয়েছিলেন।
ন্যান্সি আরও বলেন, ‘পুরস্কার নেওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে বেরিয়েই বাবার সঙ্গে তাঁর কাফরুলের বাসায় যাই। সেখানে যাওয়ার পথে বাবা তাঁর খুশি হওয়ার কথা জানান। বাবার বাসায় কিছুক্ষণ বিশ্রাম শেষে শুক্রবার রাতেই আমি ময়মনসিংহে চলে আসি।’