'বাবার গল্প শুনেছি মায়ের মুখে'

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লোকগানের কিংবদন্তি শিল্পী আবদুল আলীম। ১৯৭৪ সালে মৃত্যুর ঠিক দুদিন আগে এক মাঝরাতে হাসপাতালের অন্ধকার বিছানায় তাঁকে গুনগুন করে একটি গান গাইতে শুনলেন বড় ছেলে জহীর আলীম। সেই ‘সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি’ গানের কথাগুলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা।
বাবা আবদুল আলীমকে নিয়ে এই গল্পগুলো মায়ের মুখে শুনেছেন মেয়ে নূরজাহান আলীম। মাত্র আড়াই বছর বয়সে তিনি বাবাকে হারান। বাবার সঙ্গে তাঁর কোনো স্মৃতি নেই। গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে তিনি জানান, বাবার সান্নিধ্য পেলে শিল্পী হিসেবে তিনি আরও ভালো করতে পারতেন। বাবার স্নেহ-ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারতেন আরও খানিকটা। বিষণ্ন কণ্ঠে তিনি বলেন, ‘মায়ের মুখে শুনেছি, বাবা আমাকে নিয়ে কী যেন একটা ভয়ে থাকতেন। আমি নাকি দেখতে ছিলাম পুতুলে মতো। কেউ আমাকে কোলে নিলে তিনি ফিসফিস করে বলতেন, ‘‘ওকে নিয়ে আসো।” বাবা আমার কাছে রূপকথার মতো। কোনো অনুষ্ঠানে গাইতে গেলে মানুষ আমাকে ভীষণ শ্রদ্ধা করেন, ভালোবাসেন। বুঝি, এর সবই বাবার কারণে। শ্রদ্ধাটা আসলে বাবাকেই করেন তাঁরা।’
বাবা দিবসে সবাই বাবাকে স্মরণ করছেন, কিন্তু নূরজাহান বাবাকে নিয়ে কিছু বলতে পারলেন না। তবে বাবা আবদুল আলীম তাঁর কাছে রূপকথার বীরের মতো। বাবার সংগীতের প্রতি ভক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন এই শিল্পী। নূরজাহান আলীম বলেন, ‘কোনো অনুষ্ঠানে গাইতে যাওয়ার সময় বাবার ছবির দিকে একবার তাকিয়ে যাই। বাসায় তাঁর একটা হাসিমুখের বড় ছবি আছে। ওই ছবির দিকে তাকালে মনে হয়, বাবা যেন আমাকে আশীর্বাদ করছেন।’
বাবাকে নিয়ে নূরজাহান সম্প্রতি গেয়েছেন ‘ওই দূর থেকে ভেসে আসে আমার বাবার গান’। গানটির কথা ও সুর এসরাজ্জু জামানের। সংগীতায়োজন করেছেন অমিত মল্লিক। বাবা দিবসে বাবার সেই ‘সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি’ গানটিও নতুন সংগীতায়োজনে গেয়েছেন এই শিল্পী। আজ থেকে তাঁর ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটি। নূরজাহান আলীম বলেন, ‘বাবাকে জেনেছি তাঁকে নিয়ে লেখা বইটা পড়ে। বেশিদূর পড়তে পারি না সেই বইটি, চোখ ভিজে ওঠে। গানের জন্য তিনি এত কষ্ট করেছেন, সেই তুলনায় আমরা এখনকার শিল্পীরা কিছুই করছি না। তাঁর জীবনের কাহিনি থেকে প্রতিনিয়ত আমি শিখছি।’