'বিজয় দিবসকে ঘিরে নিজস্ব পরিকল্পনা আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

জনপ্রিয় গায়ক ও সংগীতপরিচালক বাপ্পা মজুমদার। আজ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের বগুড়ায় একটি কনসার্টে গান গাইবেন তিনি। এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে নতুন একটি গান তৈরি করেছেন বাপ্পা মজুমদার। এসব নিয়েই তাঁর সঙ্গে কথা বলেছেন নাদিয়া মাহমুদ।
বিজয় দিবস উপলক্ষে একটি গান তৈরি করেছেন। এটি সম্পর্কে কিছু বলেন
বিজয়ের চুয়াল্লিশ বছর উপলক্ষে বুশরা শাহরিয়ারের লেখা ও সুর করা একটি গানের সংগীতায়োজন করেছি। পাশাপাশি এই গানে কণ্ঠও দিয়েছি। খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই গানের একটি ভিডিও প্রচারের কথা রয়েছে।
১৬ ডিসেম্বরের আর কোনো আয়োজনে অংশ নিচ্ছেন না?
হ্যাঁ, বিজয় দিবসের বেশ কয়েকটি আয়োজনেই অংশ নেওয়ার কথা আছে। এ ছাড়া, এবারের বিজয় দিবসকে ঘিরে আমার নিজস্ব একটি পরিকল্পনাও আছে। তবে সেটা কি তা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।
সামনে কি তাহলে ভক্ত-শ্রোতারা আপনার কাছ থেকে বড় কোনো চমক পেতে যাচ্ছে?
বিষয়টাকে আমি ঠিক চমক বলতে চাই না। একজন সংগীতশিল্পী হিসেবে আমার যে দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই এই পরিকল্পনাটি করেছি। সেটা কি জানতে হলে আরও অপেক্ষা করতে হবে।
একবার বলেছিলেন, অভিনয় করা ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু এরপরও অভিনয় করেছেন। অভিনয়ের প্রতি আগ্রহই কি এর কারণ ?

না, বিষয়টা ঠিক তা নয়। এটা অনেকটা অনুরোধে ঢেঁকি গেলার মতো। পরিচিতজনদের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি, তবে এখানে আমার আগ্রহ নেই। যদি মনে হয় কাজটা আমি ভালোভাবে করতে পারছি, তাহলে অবশ্য ভেবে দেখতে পারি।