'বিত্তবান আছে, কিন্তু চিত্ত নাই'

‘পৃথিবীর বিভিন্ন দেশে সংগীতের প্রসারে সে দেশের বিত্তশালী মানুষের অনেক অবদান থাকে। পাশের দেশ ভারতেও এর নজির ভূরি ভূরি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশে তা একেবারেই চোখে পড়ে না। অথচ আমাদের দেশে কিন্তু বিত্তবান লোকের অভাব নেই, আছে শুধু চিত্তের অভাব।’ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে ক্ষুব্ধ কণ্ঠে এসব কথা বলেন বাংলাদেশি সংগীতের অন্যতম সুরস্রষ্টা আলাউদ্দীন আলী।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার এবারের আসরের আজীবন সম্মাননা পেয়েছেন এই গুণী সুরস্রষ্টা।
আজ রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। আট বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। বাংলাদেশের তরুণ প্রতিভাবান গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রীদের তুলে আনা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। পাশাপাশি গুণীজনদেরও সম্মানিত করা হয়। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের এই আয়োজনের প্রশংসা করেন আলাউদ্দীন আলী। তিনি বলেন, ‘বাংলাদেশের সেরা ইংরেজি দৈনিক পত্রিকার কাছ থেকে পাওয়া এমন সম্মাননা তরুণদের দারুণভাবে উজ্জীবিত করবে। তারা ভালো কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত হবে। সত্যিই এমন সম্মাননা পাওয়ার বিষয়টি আমার জন্যও মনে রাখার মতোই।’
ক্ষোভ প্রকাশ করে আলাউদ্দীন আলী বলেন, ‘ভিনদেশের ব্যবসায়ীরা তাঁদের শিল্পীদের পেছনে অনেক টাকাই ব্যয় করেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা ঠিক যেন এর উল্টো। তাঁরা নিজেদের শিল্পীদের দিকে না তাকিয়ে ভিনদেশি শিল্পীদের অনুষ্ঠানে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেন। ভিনদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা লাখ টাকায় চেয়ার বুক করেন। কিন্তু আমাদের দেশের গুণী এবং নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের নিয়ে তাঁরা কিছুই ভাবেন না। আমাদের দেশের এই মানুষগুলো যদি বিত্তবান হওয়ার পাশাপাশি একটু চিত্তবান হতেন, তাহলে এ ধরনের অবস্থা কোনোভাবেই হতো না।’