'ব্র্যাঞ্জেলিনা' ভেঙে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা
>

আদালতে বিচ্ছেদের আবেদনের মধ্য দিয়ে ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এর মধ্য দিয়ে আলোচিত ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটিকে ভেঙে দিলেন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। গত মঙ্গলবার বিচ্ছেদের প্রথম আরজি এল স্ত্রী জোলির কাছ থেকে। আর গতকাল বুধবার স্বামী ব্র্যাড পিট গণমাধ্যমে নিজের বিবৃতিও প্রকাশ করলেন। হলিউডের সবচেয়ে প্রভাবশালী দম্পতির এই বিচ্ছেদের খবরে সাড়া পড়ে গেছে পুরো বিশ্বে। অনেকে সন্দেহের তির ছুড়ছেন পিটের দিকে। অনেকে আবার সম্পর্ক ভাঙার কারণ হিসেবে দায়ী করছেন জোলিকে। আবার অনেকে প্রিয় এই তারকা দম্পতির ভাঙনের শোকে এখন ডুবে আছেন। ভাঙনের কিছু খবর নিয়েই এই আয়োজন

মুখ খুলেছেন ব্র্যাড পিট
আদালতেজোলির বিবাহবিচ্ছেদের আবেদনের এক দিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ব্র্যাড পিট। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে পিট বলেছেন, ‘আমি শোকাহত। এখন আমাদের সন্তানদের ভালো রাখাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমি সাংবাদিকদের অনুরোধ করব, তাঁরা যেন আমাদের সন্তানদের ভালোভাবে এই দুঃসময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় ও সুযোগটুকু দেন।’ একই কথা মঙ্গলবার জোলিও একটি বিবৃতিতে বলেছিলেন।

ছয় সন্তানের ভবিষ্যৎ
বিচ্ছেদের আবেদন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আদালতে জমা পড়ার পর থেকেই একটি প্রশ্ন সবার মুখে মুখে, তা হলো, ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের ভবিষ্যৎ কী হবে? মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর সেপারেশনে যাওয়ার পর থেকে ব্র্যাঞ্জেলিনার ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, ভিভিয়েন ও নক্স থাকছেন জোলির সঙ্গেই। জোলি আদালতে আবেদন করেছেন, বিচ্ছেদের পরও যেন তাঁকে সন্তানদের সরাসরি অভিভাবকত্বের দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে জোলি তাঁর আবেদনে বিয়ের পর থেকে তাঁদের (জোলি ও পিট) কাছে থাকা যাবতীয় অলংকারের মালিকানাও দাবি করেছেন। তবে জোলির ১০ পৃষ্ঠা লম্বা আবেদনে সম্পত্তির বণ্টনের ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করা হয়নি। জোলির আইনজীবী অবশ্য পরিষ্কারই জানিয়ে দিয়েছেন, এ অভিনেত্রীর অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে তাঁর ছয় সন্তান। ধারণা করা হচ্ছে, এ বিচ্ছেদের মধ্য দিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদ জোলি ও পিটের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে ব্র্যাঞ্জেলিনার ভাঙন
গত মঙ্গলবার হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবী রবার্ট অফারের বরাত দিয়ে ব্র্যাঞ্জেলিনার বিবাহবিচ্ছেদের খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই বিশ্বের সব বড় সংবাদ সংস্থা, সংবাদপত্র, ট্যাবলয়েড ও অনলাইন নিউজ পোর্টালের প্রচ্ছদে উঠে আসে এই ভাঙনের খবর। ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রধান সংবাদপত্রের প্রথম পাতায় জায়গা করে নেয় খবরটি। দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, মেট্রো, দ্য টাইমস, ইউএসএ টুডে, দ্য ডেইলি টেলিগ্রাফ, ওয়েস্টার্ন মেইল, ডেইলি মিরর, ডেইলি স্টার ইউকে, হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন পত্রিকার প্রথম পাতায় এ খবর উঠে এসেছে। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ফেসবুক ও টুইটারেও আলোচনার শীর্ষে জোলি ও পিটের ভাঙনের খবর। গত মঙ্গলবার রাতে আদালতে জোলির বিচ্ছেদের আবেদন প্রকাশের পরপরই তাঁদের ভক্তরা টুইটারে ব্র্যাঞ্জেলিনা ‘ট্রেন্ড’ করতে শুরু করেন। তা ছাড়া বিভিন্ন মার্কিন ও ব্রিটিশ অনলাইন নিউজ পোর্টালে জোলি ও পিটের বিচ্ছেদ-সংক্রান্ত খবরগুলো গতকাল সন্ধ্যা পর্যন্ত ছিল সর্বোচ্চ পঠিত সংবাদের তালিকায়।

ব্র্যাঞ্জেলিনাকে কনসার্ট উৎসর্গ করলেন অ্যাডেল
গত মঙ্গলবার রাতে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে একটি কনসার্টে গান করেন অ্যাডেল। কানায় কানায় দর্শকপূর্ণ সেই কনসার্টটি অ্যাডেল উৎসর্গ করেন সদ্য আলাদা হওয়া দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটকে। কনসার্টের গানের ফাঁকে অ্যাডেল বলেন, ‘এই বিচ্ছেদের মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটল।’
বিচ্ছেদের গানের জন্য জনপ্রিয় অ্যাডেল কনসার্টে তাঁর সেরা প্রেমের গানগুলো গেয়ে শোনান। ফাঁকে ফাঁকে ব্র্যাঞ্জেলিনা দম্পতি নিয়ে কথাও বলেন। কনসার্ট থেকে করা কয়েকজন ভক্তের টুইট থেকে জানা যায়, এ আয়োজনটি নাকি একপর্যায়ে ‘ব্র্যাঞ্জেলিনা ব্রেকআপ থেরাপি সেশন’-এ রূপ নেয়!
বোঝাই যাচ্ছে, এই বিচ্ছেদ অ্যাডেলকে বেশ দুঃখই দিয়েছে। তা ছাড়া এই বিচ্ছেদের খবরে আরও আহত হয়েছেন জোলি-পিট দম্পতির ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা জর্জ ক্লুনি। গতকাল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানার পর তিনি বলেন, ‘খুবই দুঃখের বিষয়। এই বিচ্ছেদ মেনে নেওয়া কঠিন।’
অন্যদিকে, ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টোনও নাকি তাঁর কাছের মানুষদের কাছে এ বিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছেন। অ্যানিস্টোনের এক বন্ধু পিপল ম্যাগাজিনকে বলেছেন, ‘কর্মফলের কারণেই এ বিচ্ছেদ হয়েছে।’
উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে পরকীয়ার কারণেই নাকি ২০০৪ সালে ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টোনের বিবাহবিচ্ছেদ হয়।
আদর রহমান, বিবিসি, পিপল, মিরর, টিএমজি ও রয়টার্স অবলম্বনে