'মা হওয়া সহজ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে মিলানের সঙ্গে শাকিরা
ছেলে মিলানের সঙ্গে শাকিরা

দুই সন্তানের জননী জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা সম্প্রতি জানিয়েছেন, মা হওয়া সহজ কাজ নয়। তিনি জানিয়েছেন, তাঁর জীবনে এ পর্যন্ত যত ধরনের কঠিন কাজ তিনি করেছেন এর মধ্যে সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে— মা হওয়া।
সম্প্রতি ‘ফিশার প্রাইস’ নামের একটি প্রতিষ্ঠানের এক আয়োজনে এমন মন্তব্য করেন জনপ্রিয় এই সংগীত তারকা। কমবয়সী মায়েদের সচরাচর যে সব সমস্যায় পড়তে হয় সেই বিষয়টিকে নিয়েই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফিশার প্রাইসের এ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল।
শাকিরা ফিশার প্রাইসের এ অনুষ্ঠানে জানান, তিনি অনলাইনে কমবয়সী মায়েদের জন্য নানা সহায়তা ও তথ্যের ব্যাপারে খোঁজখবর নিতেন। নিজেকে ‘টাইগার মম’ আখ্যা দিয়ে শাকিরা বলেন, ‘আমি অনলাইনে সব সময়েই এ সংক্রান্ত সহায়তা ও তথ্যের বিষয়ে খোঁজ নিতাম।’
শাকিরা বলেন, ‘আমি জীবনে যত কঠিন কাজ করেছি, তার মধ্যে মা হওয়ার বিষয়টিই সবচেয়ে কঠিন।’ তিনি এও বলেন, ‘অগণিত দর্শকভর্তি গানের অনুষ্ঠানে অধীর অসংখ্য দর্শকের সামনে মঞ্চে আমাকে গাইতে হয়েছে। আমি বিশ্বের অনেক বিখ্যাত নেতার মুখোমুখি হয়েছি। যাদের সামনে কখনো কখনো নিজেকে একটু অপ্রস্তুতই মনে হয়েছে। কিন্তু মা হওয়ার কারণে আমাকে যতটা সতর্ক আর আত্মসচেতন হতে হয়েছে; তা আর কখনোই, কোনো বিষয়েই হতে হয়নি।’
পপ সংগীতের জনপ্রিয় তারকা শাকিরার প্রথম প্রেম ছিল আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়া। শাকিরা তাঁদের দীর্ঘ ১১ বছরের প্রেমের ইতি টেনেছিলেন ২০১০ সালে। সে বছরই তাঁর চেয়ে বয়সে প্রায় ১০ বছরের ছোট ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম দেখা হয়। এর পরের বছরের মার্চ মাসে স্প্যানিশ এই ফুটবল তারকার সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন শাকিরা। ২০১২ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। পিকে ও শাকিরার সংসারে এখন দুইটি সন্তান।
পিপল ডটকম। টাইমস অব ইন্ডিয়া।