'মা হওয়াই সেরা ডায়েট'!

‘আমি মনে করি, সেরা ডায়েট হচ্ছে মা হওয়া’—মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেসিকা সিম্পসন যেন বোমা ফাটালেন। সৌন্দর্যসচেতন অনেক তারকাই ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সন্তান ধারণ করতে চান না। অথচ এই গায়িকা-অভিনেত্রী বলছেন সম্পূর্ণ উল্টো কথা। দুই সন্তানের মা তিনি। বয়স পঁয়ত্রিশের ঘরে। অথচ এখনো চমৎকার মানিয়ে যান যেকোনো পোশাকেই। আর তাই আপাতদৃষ্টিতে জেসিকার কথা হয়তো কারও কারও কাছে বেদবাক্যের মতো সত্যি মনে হতেই পারে।
জেসিকা অবশ্য বিষয়টা খোলাসা করেছেন। তিনি বলেছেন, ‘সন্তানদের পেছনে আমাকে দৌড়াতে হয় সারাটা দিন। তবে ওদের খাওয়াতে গিয়ে নিজেও প্রচুর খেয়ে ফেলি। আর তাই শরীরচর্চাটাও কম করতে হয় না।’
তাই বলে এখুনি আরও সন্তান নেওয়ার পক্ষপাতী নন এই ‘ইরেজিস্টেবল’ তারকা।
এ প্রসঙ্গে জেসিকা বলেছেন, ‘আমি মনে করি না এখন আর কোনো সন্তান নিতে পারব। তবে চল্লিশ পেরিয়েও তো মানুষ সন্তান নিচ্ছে। কে জানে, কী হবে!’
ফ্যাশন ডিজাইনার হিসেবে নাম লিখিয়েছেন জেসিকা, উদ্যোক্তাও তিনি। তবে এখন তিনি ফিরতে চাইছেন তাঁর শেকড়ে—গান আর অভিনয়ে।
নিজের সম্পর্কে মজা করে জেসিকা সিম্পসন বলেছেন, ‘আমি তো সকল কাজের কাজি।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইজ হোটেলে ‘ওয়াইএমএ ফ্যাশন স্কলারশিপ ফান্ড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন জেসিকা সিম্পসন। সেখানে তাঁকে ‘ফিউচার অব ফ্যাশন’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ইটি অনলাইন।