'মায়া'র পর ঐশীর 'হাওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশী
ঐশী

পাঁচ মাসের মাথায় নতুন আরেকটি অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন এ প্রজন্মের গায়িকা ঐশী। ‘মায়া’র পর এবার তাঁর নতুন অ্যালবামের নাম ‘হাওয়া’। লোকধাঁচের এই অ্যালবামে রয়েছে পাঁচটি গান।
গত বছরের ভালোবাসা দিবসে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামটি প্রকাশের মধ্য দিয়ে গানের জগতে এককভাবে পদচারণা শুরু হয় ঐশীর। এ বছরের এপ্রিলে বাংলা নববর্ষ উপলক্ষে ‘মায়া’ নামের আরেকটি অ্যালবাম প্রকাশ করেন ঐশী। ‘হাওয়া’ তাঁর তৃতীয় একক অ্যালবাম।
একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সংগীতবিষয়ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ঐশীর খোঁজ পায় অডিও জগৎ। প্রথম একক গানের অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ প্রকাশ করতে সময় লেগে যায় তিন বছর। প্রথম একক অ্যালবাম প্রকাশে যতটা সময় নিয়েছেন, দ্বিতীয় একক ‘মায়া’ ও তৃতীয় একক ‘হাওয়া’ অ্যালবামটি প্রকাশে অতটা দেরি করেননি এ প্রজন্মের গায়িকা ঐশী। বললেন, ‘অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কারণেই অ্যালবামগুলো প্রকাশে রাজি হতে হয়েছে। আমি সৌভাগ্যবান এই জন্য যে, দারুণ কিছু গান গাওয়া সুযোগও পেয়েছি।’

‘হাওয়া’ অ্যালবামের প্রচ্ছদ
‘হাওয়া’ অ্যালবামের প্রচ্ছদ

ঐশী এ বলেন, ‘সংগীতজীবনের শুরু থেকে এখন পর্যন্ত দুটি একক ও অনেকগুলো মিশ্র অ্যালবামে গান করেছি। এবারের আয়োজন আগের সবকিছুকে ছাড়িয়ে যাবে। কারণ এই ঈদে প্রকাশ পাচ্ছে আমার গাওয়া লোকগানের পূর্ণাঙ্গ মৌলিক অ্যালবাম।’
প্রদীপ সাহার কথায় ও নাজির মাহমুদের সুরে তৈরি ‘হাওয়া’ নামের এই অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু ও ইমন চৌধুরী। গানগুলোর শিরোনামগুলো হচ্ছে ‘কেন মন’, ‘ও বন্ধুরে’, ‘পিরিতের ফল’, ‘রূপালি আঁচল’ ও ‘তোমার একটু’।
‘হাওয়া’ প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমার তৃতীয় একক অ্যালবামের প্রত্যেকটি গানই ইউনিক হয়েছে। আমার বিশ্বাস “হাওয়া” অ্যালবামটি হাওয়ার মতোই ভেসে ভেসে মানুষের কাছে পৌঁছাবেই।’
সিএমভি সূত্র জানায়, শিগগিরই জিপি মিউজিক অ্যাপস-এ অ্যালবামটি ডিজিটালি মুক্তি পাচ্ছে।