'মায়ের কোলে' মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ
মমতাজ

‘লোকাল বাস’ শিরোনামের গানটির রেশ কাটতে না কাটতেই আবারও খবরে এলেন লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ। তাঁর এবারের গানের শিরোনাম ‘মায়ের কোলে’। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। খুব শিগগির গানচিলের ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইটে গানটির আপডেট পাওয়া যাবে।


‘মায়ের কোলে’ গানটির মাধ্যমে আসিফ ইকবালের লেখা কোনো গানে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন মমতাজ। বললেন, ‘মা নিয়ে খুব চমৎকার লেখার একটি গান গাইলাম। আমার খুবই ভালো লেগেছে। অন্য রকম এই গানটি শোনার পর অন্যদেরও খুব ভালো লাগবে।’

‘মায়ের কোলে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। মমতাজের গাওয়া এই গানটি তিনি ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ডাব স্টেপ ধাঁচে করেছেন। এর আগে অনেক ধাঁচের গান গাইলেও এই ধরনের গান এবারই প্রথম গাইলেন বলে জানান মমতাজ। বললেন, ‘আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। আমি সব সময় নতুন কিছুর প্রতি আগ্রহী। গানের এই ধারাটা আমার কাছে বেশ লেগেছে। নতুনেরা যে এখন অনেক কিছু ভাবছে, নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে সেই ব্যাপারটি লক্ষ করছি। এই নতুনদের নিয়ে আমি আশাবাদী।’

গানচিল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পাচ্ছে জিপি মিউজিকে এক্সক্লুসিভ হিসেবে।