'মিলনে দো'তে মিলবেন গুলাম আলী

এবারের ভারত সফরে বেশ তিক্ত অভিজ্ঞতার স্বাদই পেলেন পাকিস্তানের কিংবদন্তি গজলশিল্পী গুলাম আলী। প্রথমে শিবসেনার হুমকির কারণে তাঁর মুম্বাই ও পুনের অনুষ্ঠান বাতিল হয়েছিল এরপর দিল্লির অনুষ্ঠানটিও বাতিল হয়। সম্প্রতি নির্মাতা মুকেশ ভাট ক্ষীণ হলেও একটি আশার কথা শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর অনুরোধে সাড়া দিয়ে এই বিশিষ্ট গজলশিল্পী ‘মিলনে দো’ নামের একটি মঞ্চ পরিবেশনার জন্য গান গাইতে সম্মত হয়েছেন।
মুকেশ ভাট এ প্রসঙ্গে বলেছেন, আমি জানি না তিনি (গুলাম আলী) ভারতে আর আসবেন কিনা। কিন্তু তিনি সম্মতি দিয়েছেন যে, ভারত ও পাকিস্তানের মঞ্চশিল্পীদের সাম্প্রতিক উদ্যোগ ‘মিলনে দো’ নামের একটি মঞ্চ পরিবেশনার জন্য তিনি গান গাইবেন।
মুকেশ ভাট জানান, গুলাম আলী নিশ্চিত করেছেন যে, এই মঞ্চ পরিবেশনার জন্য অবশ্যই তিনি একটি গান গাইবেন। গুলাম আলীর এই গান মঞ্চ পরিবেশনাটির অংশ হিসেবে সংযুক্ত হবে।
এদিকে, মুকেশ ভাট আরও জানিয়েছেন, ‘মিলনে দো’ নামের এই মঞ্চ পরিবেশনাটি ভিন্ন সংস্কৃতির দুজন মানুষের ভালোবাসার কাহিনি বয়ান করবে। তাঁর ইচ্ছা, ভারত-পাকিস্তানের সম্পর্ককে তিনি গুলাম আলীর কণ্ঠের সুরের মাধুর্যে মেলাবেন।
আগামী বছরের ২৪ এপ্রিল ‘মিলনে দো’ প্রথম মঞ্চস্থ হবে ভারতের নয়াদিল্লির শ্রী রাম সেন্টারে। এর পর এই মঞ্চ পরিবেশনাটি ভারত ও পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে মঞ্চস্থ হবে। এই মঞ্চ পরিবেশনাটির সংগীতের জন্য কাজ করছে পাকিস্তানের ‘লাল’ ব্যান্ড। দলটির সদস্যরা প্রতিটি মঞ্চ পরিবেশনার সময় উপস্থিত থেকে গাইবেন বলেও জানা গেছে। এনডিটিভি। টাইমস অব ইন্ডিয়া।