'মুখ ও মুখোশ'-এর মাহবুবা রহমানের অ্যালবাম আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবা রহমান
মাহবুবা রহমান

প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এ সমর দাসের সুরে গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’। তা ছাড়া পঞ্চাশ থেকে সত্তরের দশকে রেডিও ও চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের শিল্পী এই মাহবুবা রহমান। সেই কালজয়ী গানগুলো সংরক্ষণের কাজ করছেন তার পরিবারের সদস্যরা। সংরক্ষিত গানগুলো নিয়ে দুটি অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন মাহবুবার মেয়ে কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।
পঞ্চাশের দশকে রেডিওতে মাহবুবা রহমানের গাওয়া অসংখ্য গান রয়েছে। এর মধ্যে ‘আগে জানি না রে দয়াল’, ‘আমার মন ভালো লাগে না গো প্রাণ ভালো লাগে না গো’, ‘পাখি উইড়া যায় রে’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রের কালজয়ী কিছু গানের মধ্যে রয়েছে খান আতাউর রহমানের সুরে জহির রায়হানের কখনো আসেনি ছবির ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’, আসিয়া ছবির ‘আমার গলার হার’, সাত ভাই চম্পা ছবির ‘আগুন জ্বালাইস না আমার গায়’। রুমানা বলেন, ‘আমার মায়ের গাওয়া এ রকম অসংখ্য গান রয়েছে। বিভিন্ন মানুষের কাছ থেকে সেগুলো সংগ্রহ করেছি। দুটি অ্যালবামের একটিতে থাকবে তাঁর গাওয়া পল্লি ধাঁচের গানগুলো। অন্যটিতে থাকবে তাঁর গাওয়া আধুনিক গান। শিগগিরই দুটি অ্যালবাম বাজারে আসবে লেজার ভিশনের ব্যানারে।’
প্রসংগত, মাহবুবা রহমান চলচ্চিত্রকার, শিল্পী, সুরকার, গীতিকার ও অভিনেতা প্রয়াত খান আতাউর রহমানের স্ত্রী।