'মেয়েটি নিজের ওড়নায় আগুন ধরিয়ে দেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহমিদা নবী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ফাহমিদা নবী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ষাট ও সত্তর দশকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী প্রয়াত মাহমুদুন্নবীর গান নিয়ে অ্যালবাম করছেন তাঁর দুই মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। অ্যালবামটি প্রকাশ করবে বেঙ্গল ফাউন্ডেশন। সংগীতায়োজন করছেন আশু চক্রবর্তী। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে গান আর গানগুলোর সংগীতায়োজন। এবার কণ্ঠ দেওয়ার পালা। গানগুলোয় কণ্ঠ দেওয়ার জন্য ১৬ ডিসেম্বর কলকাতা যাচ্ছেন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। আজ বুধবার সকালে কথা হলো ফাহমিদা নবীর সঙ্গে।

মাহমুদুন্নবী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
মাহমুদুন্নবী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আপনি কী করছেন?
অ্যাপার্টমেন্টের গেট পরিষ্কার করছি।

বলেন কী! অন্যরা কোথায়?
সবাই আছে। কিন্তু কেউ দেখে না। এখন আমি পরিষ্কার করছি, তা দেখে সবাই ছুটে এসেছে। এটাই বাস্তবতা।

আপনি গান করেন। ঠান্ডা আর ময়লায় সমস্যায় হবে তো!
হয় না। কারণ, এটা আমার পুরোনো অভ্যাস। আমি ময়লা একদম সহ্য করতে পারি না। নিজের ফ্ল্যাট সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই পরিষ্কারের কাজ আমি নিজের হাতে করি।

ভেবেছিলাম আপনার সঙ্গে গান নিয়ে অনেক গল্প করব।
বলুন। গান গাওয়া আর গান নিয়ে কথা বলতে আমার কোনো ক্লান্তি নেই। আমি আর সোমা (সামিনা চৌধুরী) এবার আব্বার (মাহমুদুন্নবী) গান করব। বেঙ্গল ফাউন্ডেশন আব্বার গান নিয়ে অ্যালবাম করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এর জন্য প্রতিষ্ঠানটির মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আব্বার গানগুলো প্রকাশের ব্যাপারে তাঁরা বড় উদ্যোগ নিয়েছেন।

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাহমুদুন্নবীর তো অনেক গান। আপনারা এই অ্যালবামের জন্য কোন গানগুলো করবেন?
আমরা দুই বোন ১০টি গান করব। সব কটি গানই দারুণ জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে চলচ্চিত্রের গান পাঁচটি, আধুনিক গান চারটি আর দেশের গান একটি। ‘ভালোবেসে কেন দূরে থাকো’, ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ’ আর ‘বড় একা একা লাগে’ গানগুলো আমি করছি। সোমা করছে ‘তুমি যে আমার কবিতা’, ‘ওগো মোর মধুমিতা’, ‘আমি আগুনকে ভয় পাই না’ আর ‘অনেক সেধেছি সুর’। আমরা দ্বৈতকণ্ঠে করছি ‘দিয়েছি মায়ের স্নেহ’ ও ‘সুরের ভুবনে’।

আপনারা তো আগেও আপনার আব্বার গান নিয়ে অ্যালবাম করেছেন।
হ্যাঁ, আমার দ্বিতীয় অ্যালবামটি ছিল আব্বার গান নিয়ে। নাম ‘সুরের ভুবনে’। প্রকাশ করেছিলাম ১৯৯৮ সালে। এর কয়েক বছর পর সোমা আরেকটি অ্যালবাম করেছে। ওর অ্যালবামের নাম ‘দূর পাড়ি’।

মাহমুদুন্নবীর গান নিয়ে দুই বোন অ্যালবাম করছেন। আপনার আম্মার অনুভূতি কী?
আম্মা তো খুবই খুশি। তবে আম্মা চান, আমরা যেন আব্বার আধুনিক গানগুলো বেশি বেশি করি। আব্বার গাওয়া চলচ্চিত্রের গানগুলো খুবই জনপ্রিয়, কিন্তু তাঁর আধুনিক গানগুলো আরও সমৃদ্ধ। আব্বার গাওয়া আধুনিক গান শুনে কতজন যে কী অদ্ভুত আচরণ করেছেন, আমরা ছোটবেলায় তা দেখেছি। আব্বার মেয়েভক্তের সংখ্যা ছিল অনেক। তাঁরা আব্বাকে দেখার জন্য বাসায় চলে আসতেন। অনেকে বাসায় এসে দীর্ঘ সময় বসে থাকতেন। একদিন এক মেয়ে আব্বার সামনে এসে নিজের গায়ের ওড়নায় আগুন ধরিয়ে দেন! কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভেতর থেকে আম্মা ছুটে এসে আগুন নেভান।

ছেলেরাও তো আপনার আব্বার গান খুব পছন্দ করেন।
ঠিক বলেছেন। তবে ছেলে ভক্তরাও কম দেখাননি! আব্বার গান না শুনলে মাখন চাচার রাতে ঘুম হতো না। আর ঘুম না হলে তিনি বাসায় ঢিল ছুড়ে মারতেন। কী আর করা, বাধ্য হয়ে আব্বা গান শোনাতেন। অনেকে দলেবলে এসে বাসা থেকে আব্বাকে নিয়ে যেতেন গান শোনার জন্য। কেউ কেউ সারা দিন বাসার সামনে আব্বাকে দেখার জন্য, তাঁর গান শোনার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। আসলে ভক্ত যে কী, তা আমরা দেখেছি।

বাবা মাহমুদুন্নবীর সঙ্গে চার ভাইবোন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাবা মাহমুদুন্নবীর সঙ্গে চার ভাইবোন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বড়দের কাছ থেকে আপনার আব্বার অনেক প্রশংসা শুনেছি।
আমরা দেখেছি আব্বার ব্যবহার, বিনয় আর তাঁর উপস্থিতি যেকোনো আসরকে আলোকিত করেছে। আব্বা খুব সহজেই মানুষের মন জয় করেছেন। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন। সবার মনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। আব্বার সমসাময়িক মানুষজন এখনো তাঁকে ভালোবাসেন।

মাহমুদুন্নবী নিজে ভালো সুরকার ও সংগীত পরিচালক ছিলেন।
আব্বার সুর করা গান অনেক শিল্পী গেয়েছেন। ওই গানগুলো জনপ্রিয়ও হয়েছে। আব্বা অনেক শিল্পীকে প্রথম সামনে নিয়ে আসেন। নতুন অ্যালবামের জন্য আমি ‘ভালোবেসে কেন দূরে থাকো’ গানটি করছি। গানটি নিয়াজ মোহাম্মদ চৌধুরী চাচাকে দিয়ে গাইয়েছিলেন আব্বা, বিটিভির একটি অনুষ্ঠানের জন্য। এটাই ছিল বিটিভিতে চাচার প্রথম অনুষ্ঠান। এমনিভাবে অনেক শিল্পীকে আব্বা সুযোগ করে দিয়েছিলেন।

মাহমুদুন্নবীর জন্মদিন ১৬ ডিসেম্বর। ওই দিন কী করছেন?
আগেই বলেছি, ওই দিন আমরা কলকাতায় যাচ্ছি। তবে আব্বার মৃত্যুবার্ষিকী ২০ ডিসেম্বর। ওই দিন রাতে বাংলাভিশনে লাইভ অনুষ্ঠানে আমি, সোমা আর পঞ্চম আব্বার গান করব। এরপর ২২ ডিসেম্বর সকালে বিটিভিতে লাইভ অনুষ্ঠানে গান করব। আব্বা অনেক গান গেয়েছেন। আমরা চাই, নতুন প্রজন্ম আব্বার গানগুলো চর্চা করুক। আব্বার গানগুলো বেঁচে থাকুক।