'যেন আব্বা আশপাশেই আছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী
সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী
মাহ্‌মুদূন্নবী
মাহ্‌মুদূন্নবী

গত সপ্তাহে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী গানগুলোতে কণ্ঠ দিতে ভারতের কলকাতায় যান। সেখানে শুভজিৎ রায়ের সার্বিক তত্ত্বাবধানে গানগুলোর সংগীতায়োজন করছেন আশু চক্রবর্তী। গানে কণ্ঠ দিয়ে এরই মধ্যে দেশে ফিরেছেন সামিনা চৌধুরী। আজ ফাহমিদা নবীর ফেরার কথা। অ্যালবাম মুক্তি প্রসঙ্গে মাহ্‌মুদূন্নবী-কন্য ফাহমিদা জানান, সময় নিয়ে তাঁরা গানগুলোর মিক্সিংয়ের কাজ করতে চান। নজর দিতে চান গানের সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকগুলোয়, যেন কোনো দিক থেকে কোনো ঘাটতি না থাকে।

বাবার গান এর আগেও আলাদাভাবে করেছেন মেয়েরা। তবে এবারের অনুভূতি ভিন্ন। কারণ ভিনদেশের শিল্পীদের সঙ্গে কাজ করছেন বাবার কালজয়ী গানগুলো নিয়ে। তাই একধরনের ভয়ের সঙ্গে মিশে গেছে ভালো লাগা আর গর্বের অনুভূতিও। ফাহমিদা নবী কলকাতা থেকে বলেন, ‘এখানে আশু গানগুলো শুনে মুগ্ধ হয়ে খুব বিনয়ের সঙ্গে বলেছিলেন যে, পুরোনো এই কালজয়ী গান থেকে অনেক কিছু শিখছেন তিনি। আব্বার গান এভাবে ছড়িয়ে দিতে পেরে ভালো লাগছে। এভাবে গান করার মধ্য দিয়ে একটা বিনিময় হলো, যা বাংলা গানের জন্য ইতিবাচক।’

ভয় আর রোমাঞ্চের কথা প্রকাশ করতে গিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘গানে কণ্ঠ দেওয়ার সময় মনে হচ্ছে যেন আব্বা আমাদের সঙ্গে আছেন, আশপাশেই আছেন। তিনি শুনছেন। আমরা তো কণ্ঠ দেওয়ার একসময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। অন্যদিকে আম্মা দেশ থেকে বলে দিয়েছিলেন যেন মন দিয়ে গানগুলো করি।’

২২ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে সকাল ৮টায় একটি সরাসরি অনুষ্ঠানে বাবা মাহ্‌মুদূন্নবীর গান করবেন ফাহমিদা নবী। আর এসবের মধ্য দিয়ে আশুর সঙ্গে চলতে থাকবে বাবার গান নিয়ে দুই বোনের গানের অ্যালবামের মিক্সিংয়ের কাজ। ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী দুজনেই জানালেন, এই অ্যালবামটির পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য বেঙ্গল ফাউন্ডেশন ও লুভা নাহিদ চৌধুরীকে ধন্যবাদ।