'রুনা ম্যামের বাসায় কচুরি খেয়েছি'

ঢাকায় এসেছেন কলকাতার শিল্পী ইমন চক্রবর্তী। তিনি এখন বাংলা গানের শ্রোতাদের চেনা মানুষ। টালিগঞ্জের ‘প্রাক্তন’ চলচ্চিত্রে তাঁর গাওয়া ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির গুনগুনানি শোনা যায় মানুষের ঠোঁটে। ঢাকায় এসেই আমন্ত্রণ পেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লার বাসায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অনেকটা সময় তিনি কাটিয়েছেন সেখানে।
গতকাল বৃহস্পতিবার গুলশান ক্লাবে একটি অনুষ্ঠানে গান করেছেন ইমন। এ ছাড়া গেয়েছেন কলকাতার শিল্পী শোভন গাঙ্গুলি ও ঢাকার স্বপ্নীল সজীব। আজ দুপুরে প্রথম আলো কার্যালয়ে এক আড্ডায় রুনা লায়লার সঙ্গে সাক্ষাতের বিরল অভিজ্ঞতার কথা জানান ইমন। তিনি বলেন, ‘রুনা ম্যামের কাছে টিপস চেয়েছিলাম। তিনি সুন্দর সুন্দর কিছু টিপস দিয়েছেন। তিনি এক বিস্ময়কর মানুষ। এত গুণী মানুষ অথচ এত বিনয়ী! রুনা লায়লার সামনে বসে কথা বলেছি, এটা আমার কাছে স্বপ্নের মতো ব্যাপার। ব্যক্তিগত জীবনের অনেক অভিজ্ঞতার গল্পও বলেছেন তিনি। শশী কাপুর, কিশোর কুমার, গুলজারের মতো বড় বড় মানুষের সঙ্গে কাজ করা এই মানুষটি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, সময় দিয়েছেন—এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের। আমাদের নিয়ে গিয়েছিলেন ইমন সাহা।’
তাঁর ওখানে কী খেয়েছেন জানতে চাইলে ইমন বলেন, ‘রুনা ম্যামের বাসায় কচুরি খেয়েছি।’ শিগগিরই বাংলাদেশের বেশ কজন শিল্পীর সঙ্গে গান করবেন ইমন। এমনকি বাংলাদেশ থেকে তাঁর একটি অ্যালবাম প্রকাশেরও ভাবনা রয়েছে।
‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য ইমন কলকাতার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।