'লাস্ট ক্রিসমাস' গায়ক চলে গেলেন ক্রিসমাসের দিনে

বয়স হয়েছিল মাত্র ৫৩। এ বয়সেই যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে নিজের বাড়িতে মারা গেলেন জর্জ মাইকেল, ২৫ ডিসেম্বর বড়দিনের দিনে। সেই জর্জ মাইকেল, যিনি ‘লাস্ট ক্রিসমাস’, ‘কেয়ারলেস হুইসপার’ গেয়ে জয় করে নিয়েছিলেন অগণিত সংগীতপ্রেমীর হৃদয়।
‘ওয়াম’ ব্যান্ড গঠন করেছিলেন জর্জ; সঙ্গী ছিলেন অ্যান্ড্রু রিজলি। বন্ধুর প্রয়াণে রিজলি তাঁর টুইটারে জানিয়েছেন নিজের মনোবেদনার কথা। লিখেছেন, ‘প্রিয় বন্ধুর বিদায়ে হৃদয় ভেঙে গেছে আমার। চিরজীবন ভালোবাসব।’ জর্জ মাইকেলের সঙ্গে সখ্য ছিল এলটন জনের। তিনি বন্ধুর চলে যাওয়ার ঘটনাটিকে বর্ণনা করেছেন মমতাময়, প্রতিভাবান শিল্পীর জন্য ‘গভীর শোক’ হিসেবে।
সংগীতের এই বরপুত্র জন্মেছিলেন ১৯৬৩ সালের ২৫ জুন। রিজলিকে সঙ্গে নিয়ে ওয়াম ব্যান্ড করার পর থেকেই তিনি সংগীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। বিশ্বব্যাপী তাঁর ১০ কোটির বেশি অ্যালবাম রেকর্ড বিক্রি হয়েছে।
জর্জ মাইকেলের মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শিল্পীর প্রয়াণের কথা জানিয়েছেন।
কথা ছিল, আগামী মার্চে ফেইথ শিরোনামে জর্জ মাইকেলকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পাবে। এ মাসের শুরুতে ঘোষণা দেওয়া হয়, জর্জ মাইকেল প্রযোজক ও গীতিকার নটি বয়েজের সঙ্গে একটি নতুন অ্যালবামের কাজ করছিলেন। কিন্তু তাঁর এই হঠাৎ চলে যাওয়া সেই সব পরিকল্পনাকে থামিয়ে দিল।