আজ রাতেই বিয়ে করছেন, জানালেন লোপা

বিয়ের পর স্বামীর সঙ্গে গায়িকা লোপা হোসাইন
বিয়ের পর স্বামীর সঙ্গে গায়িকা লোপা হোসাইন

‘আজ রাতেই বিয়ে করছি। সেপ্টেম্বরে করব বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ গতকাল শুক্রবার রাত পৌনে নয়টায় নিজের বিয়ের খবরটি এভাবেই জানালেন গায়িকা ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন।
শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় লোপার বিয়ের কাজটি সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। লোপার বর সীরাজুম মুনির পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কর্মরত তিনি। তবে গানের সূত্রেই তাদের পরিচয় ও সখ্য। তিনি গান লেখা ও সুর করার কাজটিও করে থাকেন।
এক বছরের বেশি সময় ধরে পরিচয় লোপা ও মুনিরের। শুরুতে তাঁরা দুজন ফেসবুকে কথা বলতেন, একপর্যায়ে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় বলে জানান লোপা। তবে মাস চারেক ধরে নিজেরা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলেও জানান তিনি।
প্রথম আলোকে লোপা বলেন, ‘আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাইতাম যাঁর সঙ্গে আমার জীবনের অনেক কিছু মিল থাকবে। মুনিরের কাছে আমার সেই চাওয়া পুরোপুরি মিলে গেছে। গান করতে গিয়ে তাঁর সঙ্গে আমার পরিচয়। একসময় অনুভব করলাম, আমাদের চিন্তা-ভাবনা ও জীবনবোধের অনেক কিছুই মিল। তখন সিদ্ধান্ত নিলাম ঘর বাঁধার।’
সীরাজুম মুনিরের কথা ও সুরে বেশ কিছু গান করেছেন লোপা। এর মধ্যে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট’ নাটকে মুনিরের কথা ও সুরে নির্জ হাবিবের সঙ্গে লোপার গাওয়া ‘ভালোবাসার উষ্ণতায়’ গানটি জনপ্রিয়তা পেয়েছে।