'লোকগান আমাদের শিকড়'

কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। তিন দিনব্যাপী এই উৎসবের প্রস্তুতি প্রায় শেষ। বাকি কেবল আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যেও উৎসবকে ঘিরে নানান আগ্রহ তৈরি হয়েছে। বরেণ্য কোন কোন শিল্পী সংগীত পরিবেশন করতে আসছেন, তা পত্রিকার মাধ্যমে জেনে গেছেন সবাই। তবে আয়োজকেরা কিছুটা চমকও রাখছেন। উৎসবের প্রথম দিন উদ্বোধনী আয়োজনে উপস্থাপক হিসেবে প্রথমবারের মতো দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরীকে। এ প্রসঙ্গ নিয়েই তার সঙ্গে কথা বললেন কবির বকুল।
মঞ্চে আপনাকে আমরা সবসময় গাইতেই দেখেছি। এই উৎসবে প্রথম দিন মঞ্চে উঠছেন উপস্থাপক হিসেবে। এ বিষয়টি নিয়ে একটু জানতে চাই।
আয়োজকদের কাছ থেকে যখন প্রস্তাবটা পাই, তখন কিছুটা অপ্রস্তুত ছিলাম। কারণ উপস্থাপনা বা সঞ্চালনা আমার কাজ নয়। তাই তাদের সঙ্গে বসে বিষয়টা জানতে চাই। যখন শুনলাম, একজন শিল্পী হিসেবেই উৎসবে আমন্ত্রিত অন্য শিল্পীদের মঞ্চে বরণ করে নেওয়া এবং তাদের সম্পর্কে কিছুটা ধারণা দর্শকের সামনে তুলে ধরার কাজটি করার প্রস্তাব এটি, তখন রাজি হই। পাশাপাশি বলব, এতো বড় একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।
উপস্থাপনায় আর কেউ কি থাকবেন?
প্রথম দিন আমি থাকছি। আয়োজক সূত্রে যত দূর শুনেছি, দ্বিতীয় দিন শাহীন সামাদ এবং তৃতীয় দিন অদিতি মহসিন উপস্থাপনায় থাকবেন।
এই উৎসব আমাদের সংগীতের ক্ষেত্রে কতটুকু এবং কিভাবে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?
আসলে লোক গান আমাদের শিকড়। এই গান বাদ দিয়ে বাঙালি চলতে পারে না, পারবেও না। আমাদের দেশের আশি ভাগ জনপ্রিয় গানই লোকগান। আন্তর্জাতিকভাবে আমাদের সংগীতের প্রচার, প্রসারের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা বড় মঞ্চ। সবে তো শুরু হলো। তবে আয়োজকদের বলব, ভবিষ্যতে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা গম্ভীরা, পটের গান, আলকাপ গান যারা করেন, তাদের যেন এই মঞ্চে তুলে আনা হয়।
উৎসবে আন্তর্জাতিক যে শিল্পীরা আসছেন, সেই তালিকায় আপনার পছন্দের শিল্পী কে কে?
অবশ্যই দেশের বাইরের আবিদা পারভীন, পবন দাস বাউল ও পাপন। আর দেশে ফরিদা পারভীন, কিরণ চন্দ্র রায় এবং মমতাজ।
ব্যান্ড, আধুনিক, ফোক, চলচ্চিত্রের গান—সব ক্ষেত্রেই আপনার গাওয়া অসংখ্য গান শ্রোতাপ্রিয়। টিভি অনুষ্ঠান বা মঞ্চে আপনার কাছ থেকে দর্শক-শ্রোতারা ঘুরেফিরে সেই গানগুলোই শুনতে চায়। নতুন প্রজন্মের শ্রোতাদের জন্যে এই গানগুলো নতুন করে করার কোনো পরিকল্পনা আছে কি?
আসলে এই অনুরোধটা আমার ভক্ত-শ্রোতা অনেকেরই। আমার বেশকিছু শ্রোতাপ্রিয় গান নতুন সংগীতায়োজনে তৈরি করছি। আশা করছি, শিগগিরই একটি পূর্নাঙ্গ অ্যালবামে শ্রোতারা বেশকিছু গান পেয়ে যাবেন।