'লোকি' থেকে 'ব্যাটম্যান'-এর প্রেমে সুইফট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলর সুইফট-বেন অ্যাফ্লেক
টেলর সুইফট-বেন অ্যাফ্লেক

মৌসুমে মৌসুমে প্রেমিক পরিবর্তন করা যেন টেলর সুইফটের নিয়মে পরিণত হয়েছে। স্কটিশ ডিজে কেলভিন হ্যারিসের সঙ্গে প্রেমের পাট চুকিয়ে সম্পর্ক গড়লেন হলিউড অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে। এই ‘অ্যাভেঞ্জারস’ অভিনেতার সঙ্গে মাত্র তিন মাস প্রেম করে তাঁকেও ছেড়ে দিলেন। ‘অ্যাভেঞ্জারস’-এর সুপার হিরো লোকি এখন একাই আছেন। তবে, সুইফট কিন্তু এরই মধ্যে তাঁর সঙ্গী খুঁজে পেয়েছেন। শোনা যাচ্ছে, ‘ব্যাটম্যন’ তারকা বেন অ্যাফ্লেক তাঁর নতুন প্রেমিক।

টেলর সুইফটের অ্যালবাম ‘১৯৮৯’ নিয়ে বিশ্ব ভ্রমণ করার সময়েই বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রথম দেখা। প্রথম দেখাতেই সুইফটের লাবণ্য আর ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বেন। তাঁর কাছের একটি সূত্র এমনটাই জানিয়েছেন। এদিকে স্ত্রী জেনিফার গার্নারের সঙ্গে এক বছরের বেশি সময় থেকে আলাদা হবেন বলে মনস্থির করলেও এখনো তাঁরা একই ছাদের নিচে বাস করছেন। তাঁদের সংসারে তিন সন্তান। এখন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়াই কেবল বাকি। আর সুইফটও যেহেতু একাই ছিলেন, এই সুযোগটাই হয়তো কাজে লাগিয়েছেন বেন।
গুঞ্জন শোনা যাচ্ছে, এই দুই তারকার মধ্যে নাকি খুদে বার্তা চালাচালিও শুরু হয়েছে। প্রথমে বন্ধুসুলভ কথাবার্তাই চলত। কিন্তু টমের সঙ্গে টেলরের বিচ্ছেদের পর বেন এগোচ্ছেন অন্য পথে। আর বেনের থেকে বয়সে ১৮ বছরের ছোট এই গায়িকাও তাঁর সঙ্গে প্রেমের আগ্রহ প্রকাশ করেছেন।
ইতিমধ্যে বেন তাঁর দুই মেয়ের সঙ্গে সুইফটের সাক্ষাৎও করিয়েছেন। মেয়েরাও তাঁকে দেখে বাবার মতোই অভিভূত বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বেন। আইএএনএস।