'শিল্পীদের প্রতি শিল্পীদের ভালোবাসা কমে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠশিল্পী হাসান চৌধুরী। ছবি: ফেসবুক থেকে
কণ্ঠশিল্পী হাসান চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

ত্রিশ বছরের বেশি সময়ের ক্যারিয়ার। আটত্রিশটি একক অ্যালবাম। আট শতাধিক গান। এরপরও শ্রোতাদের কাছে হাসান চৌধুরীর জনপ্রিয়তা ‘খুব কাছাকাছি তুমি আমি আছি’ গানের জন্য। ‘মোনালিসা’, ‘পাথরের বুকে’, ‘সেই তুমি’, ‘সোনা বউ’, ‘প্রিয়া জানি না কোথায় আছ’সহ তাঁর গাওয়া অনেক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কিন্তু কোনোটাই ‘খুব কাছাকাছি’র মতো গ্রহণযোগ্যতা পায়নি। গানটি ছিল তাঁর দ্বিতীয় একক অ্যালবামের। তাঁর প্রথম অ্যালবাম ‘সেই তুমি’। এটা প্রকাশিত হয় ১৯৮৯ সালে। সেখান থেকেই তাঁর চাহিদা শুরু।

নব্বইয়ের দশকে অডিও জগতে হাসান চৌধুরীর ছিল শক্ত অবস্থান। তাঁর গাওয়া ‘প্রিয়া’, ‘যাকে ভালোবাসি’, ‘ভালোবাসার মৃত্যুদণ্ড’, ‘ভালোবাসা নেই’, ‘পিরিতের ময়না’, ‘সুখ সইল না’, ‘কি যে যন্ত্রণা’ অ্যালবামগুলো ছিল শ্রোতাধন্য। কিন্তু আজকাল তিনি শ্রোতাদের ‘খুব কাছাকাছি’ নেই বলে তাঁদের মত। তবে কি তিনি গানের ভুবন থেকে সরে গেলেন? হাসান চৌধুরীর কাছে পাওয়া গেল উল্টো তথ্য। এখনো পূর্ণ পেশাদার গায়ক তিনি। কখনোই গান ছাড়েননি। এটাই তাঁর একমাত্র পেশা। অন্য শিল্পীদের মতো চাকরি কিংবা ব্যবসায়ও জড়িত নেই। গানই তাঁর জীবিকা। অন্য শিল্পীরা যেখানে অ্যালবাম করা ছেড়ে দিয়েছেন, তিনি ধরে রেখেছেন এ ঐতিহ্য। বছরখানেক আগেও জি-সিরিজের ব্যানারে এসেছে তাঁর অ্যালবাম ‘ভালোবাসার গল্প’।

হাসান চৌধুরী বললেন, ‘আমি অ্যালবাম প্রকাশ বন্ধ করিনি কখনো। অন্য শিল্পীরা বছরে দু–তিনটা অ্যালবাম করত। আমি একটার বেশি অ্যালবাম করিনি তখনো, করি না এখনো।’ নিয়মিত অ্যালবাম করলেও আগের চেয়ে তাঁর গানের সংখ্যা কমেছে, এটা স্বীকার করলেন। তবু গান থেমে নেই। সংগীতে নতুন প্রজন্ম এসেছে। নতুনদের সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করছেন। তিনি বিশ্বাস করেন, ভালো গান এ প্রজন্মেও হচ্ছে। সংখ্যায় কম বলে তিনি মনে করেন। তাঁর মতে, ভালো গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে না।

প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে হাসান চৌধুরী। ছবি: ফেসবুক থেকে
প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে হাসান চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

‘নতুন শিল্পীদের মধ্যে অনেকেই খুব ভালো গায়। ভালো মানের গানও হচ্ছে। কিন্তু আগে যেমন কিছুদিন পরপরই একটা করে নতুন গান সর্বত্র বাজত, এখন তেমন হচ্ছে না। ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ারে তো শুনছে না—সবাই গান শুনছে সেলফোনে। আগে আমরা বিটিভিতে একটা গান করতাম। পরদিন থেকে দেখতাম মোড়ে মাড়ে সেই গান বাজছে। এখন দোকানে বাজে না। মার্কেটে বাজে না। প্রথাটা বোধ হয় বন্ধই হয়ে গেছে। গান তো মানুষের কাছে পৌঁছাতে হবে। আমার একটা গান বেরিয়েছে, অথচ কেউ জানছে না।’ আফসোস হাসান চৌধুরীর।

আগের মতো শ্রোতাপ্রিয় গান নেই। আগের মতো ব্যবসা কি আছে গানে? হাসান চৌধুরী বললেন, ‘যারা ব্যবসা করার, তারা ঠিকই করছে। বঞ্চিত হচ্ছেন শিল্পীরা। এখন অনলাইনে নানা রকম ব্যবসার সুযোগ হয়েছে। আমার গান কারা যেন যাকে–তাকে দিয়ে মিউজিক ভিডিও করে ছেড়েছে। তারা টাকা কামাচ্ছে। আমি এসবের কিছুই জানি না। আসলে শিল্পীরা বঞ্চিত হচ্ছে। ব্যবসা কমেনি। লোকে গান শুনছে। ব্যবসা না হয়ে যাবে কোথায়!’

হাসান চৌধুরী মনে করেন, যে যার বাড়িতে বসে কাজ করাটা কাল হয়েছে গানের জন্য। গীতিকার গান লিখছেন বাসায় বসে। সুরকার বাসায় বসে সুর করছেন। বাসায় বসে কণ্ঠশিল্পী গাইছেন। ‘ভালো গানের জন্য একসঙ্গে বসে কাজ করাটা দরকার।’ গানের প্রতি সবার ভালোবাসা ও সম্মান কমে গেছে মন্তব্য করে হাসান চৌধুরী বলেন, ‘আগে গানের সবাই মিলে আড্ডা দিতাম। সিনিয়রদের বাসায় গিয়ে বসে কাজ দেখতাম। যখন সুরকার আলম খান তাঁর পৈতৃক বাড়ি কমলাপুরে থাকতেন, তখন আমি তাঁর বাসায় গিয়ে বসে থাকতাম।’

নব্বইয়ের দশকে অডিও জগতে হাসান চৌধুরীর ছিল শক্ত অবস্থান। ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকে অডিও জগতে হাসান চৌধুরীর ছিল শক্ত অবস্থান। ছবি: সংগৃহীত

স্মৃতি ঘাঁটলেন হাসান চৌধুরী, ‘৮৬ সালের দিকে আমি ঢাকায় এলাম। শেখ সাদী খান, নজরুল ইসলাম বাবুরা বসে আড্ডা দিতেন তখন। আমি উঁকি দিতাম। বলতেন, আয়, আয়। তপন চৌধুরী, শেখ ইশতিয়াক, খালিদ হাসান মিলুরা আমার আগে সফল শিল্পী। তাদের সবার সঙ্গে একসময় সারা দিন থেকেছি, খেয়েছি, গেয়েছি। আমি জুনিয়র শিল্পী, তবুও তাঁরা আমার সঙ্গে মিশেছেন। একজন আরেকজন শিল্পীর সঙ্গে বসবে, খাবে, এটাই তো স্বাভাবিক। শিল্পীদের প্রতি শিল্পীদের ভালোবাসা কমে গেছে। এখনকার অনেক শিল্পী ‘হাসান চৌধুরী’র নামও শোনেনি। আমাদের সময়ে প্রত্যেক শিল্পীকে চিনতাম আমরা। এখনকার অনেক শিল্পী সিনিয়রদের চেনে না।’

তিনি সব সময়ই প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে চলতে ভালোবাসতেন। ‘আমি একটু অন্য রকম। তরুণ গীতিকবি, সুরকারেরা ডাকলে আমি যাই। আমি সারা জীবন সবার সঙ্গে মিলে চলেছি। এখনো মিলে চলার চেষ্টা করি।’ যদিও তিনি মনে করেন, এখন গানের ধারা পাল্টে গেছে। সময়ের সঙ্গে নিজেকে মানিয়েও নিয়েছেন একরকম। রেকর্ডিংয়ের সঙ্গে সঙ্গে নিয়মিত স্টেজ শোও চালিয়ে যাচ্ছেন। শেষ শো করেছেন গত ফেব্রুয়ারি মাসে নরসিংদীতে। টিভি ‘লাইভে’ মাঝেমধ্যে অংশ নেন। দুই বছর ধরে এটিএন বাংলায় ‘গানের মানুষ’ নামে একটি গানের অনুষ্ঠানও উপস্থাপনা করছেন হাসান চৌধুরী।

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, হাসান চৌধুরী, আজম খান ও ফকির আলমগীর। ছবি: ফেসবুক থেকে
সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, হাসান চৌধুরী, আজম খান ও ফকির আলমগীর। ছবি: ফেসবুক থেকে

হাসাস চৌধুরী এক মেয়ে ও এক ছেলের জনক। মেয়ে নাইমা নুসরাত বিয়ে করে কানাডায় পাড়ি দিয়েছেন। ছেলে আসিফ হাসান চৌধুরী জিহান ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করছেন। স্ত্রী ফরিদা হাসান গৃহিণী। পরিবার ও গানকে সঙ্গী করে জীবন-সরোবরে অবগাহন করে চলেছেন তিনি।