'সংগীত-অবয়ব' কর্মশালার সময় বাড়ল

দারুণ জমে উঠেছে ‘সংগীত-অবয়ব’ শীর্ষক সেতার-সরোদ কর্মশালাটি। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলার মহড়া কক্ষ এবং চিত্রশালা মিলনায়তনে গিয়ে আজ বিকেলে শোনা গেল সরোদ আর সেতারের মন হরণ করা সুর। মহড়া কক্ষে মেঝেতে বসে বৈঠকি আসরের মতো করে তরুণ শিক্ষার্থীরা মনযোগ দিয়ে শুনছেন উপমহাদেশের দুই সংগীত পণ্ডিতের কথা এবং বাদন। আবার কখনো গুরুর কাছে নিজের ভুল শুধরে নিচ্ছেন। প্রশ্নের জবাব দিচ্ছেন দুই পণ্ডিত। চিত্রশালা মিলনায়তনে চলছে পরিবেশনা। তাতে মুগ্ধ প্রশিক্ষাণার্থীরা। সেতার-সরোদ বিষয়ে নিরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন বিশিষ্ট সংগীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ) ও পণ্ডিত কুশল দাস (সেতার)।
আয়োজকেরা ছোটাছুটি করছেন মহড়া কক্ষে ও মিলনায়তনে। আজ সোমবার সন্ধ্যায় দেখা হলো বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকর্তা তাজমি নূরের সঙ্গে। প্রশিক্ষণ এবং পরিবেশনের দুটি আলাদা জায়গায় সমন্বয় করতে রীতিমতো ঘেমে একাকার। ক্লান্ত? প্রশ্ন করলে স্মিত হাসলেন ভদ্রলোক। বললেন, আসলে আমাদের আয়োজনটিতে আশাতীত সাড়া পাচ্ছি। তাই ক্লান্তিকে আর পাত্তা দিচ্ছি না।’ জানালেন, উৎসাহী শিক্ষার্থীদের আশাতীত অংশগ্রহণ ও হাতে-কলমে শেখার আগ্রহে সাড়া দিয়ে কর্মশালার সময়কাল তিন থেকে পাঁচ দিনে বর্ধিত হলো, অর্থাৎ কর্মশালা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
আজ তৃতীয় দিন সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা জাতীয় চিত্রশালা মিলনায়তন ও জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের ২০৩ নম্বর মহড়া কক্ষে ছিল প্রশিক্ষণ ও পরিবেশন। কাল চতুর্থ দিন মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের ২০৩ নম্বর মহড়া কক্ষ এবং পরশু পঞ্চম দিন বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত একই স্থানে চলবে আয়োজন।