'সা রে গা মা পা'র বিচারক মিকা সিং

বলিউডের এই সময়ের জনপ্রিয় গায়ক মিকা সিং এবার বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। ভারতের সংগীত প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’র আগামী মৌসুমে বিচারকের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে।
ভারতীয় সংগীত ঘরানার প্রথম সাতটি সুরের সমন্বয়ে এই ‘সা রে গা মা পা’। সংগীত প্রতিভা অন্বেষণের এই আয়োজন প্রথম শুরু হয় ১৯৯৫ সালে। ২০১২ সাল পর্যন্ত এর ১৬টি মৌসুম (সিজন) অনুষ্ঠিত হয়, যাতে ছিল মোট ১ হাজার ৭৬টি পর্ব। তিন বছর পর এ বছর অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন গায়ক ও অভিনেতা আদিত্য নারায়ণ।
নতুন দায়িত্ব পেয়ে বিচারকের ভূমিকায় দারুণ উচ্ছ্বসিত মিকা সিং বলেছেন, ‘অনুষ্ঠানের আগের সবগুলো পর্বই আমি দেখেছি। বছরের পর বছর কী দারুণ সব প্রতিভা এখান থেকে বের হয়ে এসেছে, তা আমি জানি। অনভিজ্ঞ অবস্থায় এখানে এসে কীভাবে তাঁরা একেকটা চকচকে হীরকে পরিণত হয়েছে, কী দারুণ শিল্পী হয়ে বেরিয়েছে, তা আমি জানি। আমি সত্যি সত্যি মুখিয়ে আছি এমন একটি অনুষ্ঠানের বিচারকের প্যানেলে বসার জন্য এবং আমি আমার সবটুকু দিয়েই সেরা প্রতিভা বেছে আনার চেষ্টা করব।’
ভারতের সেরা উদীয়মান সংগীতশিল্পী অন্বেষণের এই আয়োজন লক্ষ্ণৌ, চণ্ডীগড়, নাগপুর, কলকাতা, দিল্লি, মুম্বাইসহ একই সঙ্গে দেশের ১৪টি শহরে শুরু হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।