'সারাংশে তুমি' নিয়ে এলেন কুমার বিশ্বজিৎ

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ তাঁর নতুন অ্যালবাম এনেছেন। নাম ‘সারাংশে তুমি’। এ অ্যালবামে তিনি গান গেয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা আর ন্যানসির সঙ্গে।
অবশ্য অডিও সিডি আকারে নয়, বাংলা ঢোল অ্যালবামটি প্রকাশ করেছে ডিজিটাল প্রযুক্তিতে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করে ইবি সল্যুশনস লি.।
অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ফজলে নূর তাপস, শেখ সাদী খান, সৈয়দ আব্দুল হাদী, নকিব খান, সামিনা চৌধুরী, আসিফ আকবর, অ্যালবামের গীতিকার, সুরকার, বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার, গ্রামীণফোন ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘কুমার বিশ্বজিতের প্রথম অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানেও আমি ছিলাম। সেটা ৩৪ বছর আগের কথা। তখনো আশীর্বাদ করেছিলাম, আজও করছি। সারা জীবন ওর জন্য দোয়া করব।’
শেখ সাদী খান বলেন, ‘কাজের সঙ্গে ও কোনো আপস করে না। শুরু থেকে যেমন করে ওর পাশে আছি, সারা জীবন থাকব।’
এই অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ খুব জনপ্রিয় হওয়া নিজের কিছু গানও গেয়ে শোনান।