'সুতপার ঠিকানা'য় বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ

সুতপার ঠিকানা—হ্যাঁ, অনুদান পাওয়া এই ছবিটির সংগীত পরিচালনা করবেন কুমার বিশ্বজিৎ। প্রসূন রহমানের পরিচালনায় নির্মিতব্য এই ছবিতে কুমার বিশ্বজিতের ডেপুটি হচ্ছেন ক্লোজআপ তারকা কিশোর। উপমহাদেশের পরিবারগুলোতে নারীর অবস্থান ও চালচিত্র নিয়েই ছবিটি।
সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন কুমার বিশ্বজিৎ। সে সময়ই কথা হলো তাঁর সঙ্গে। জানা হলো, কী নিয়ে ব্যস্ত তিনি এখন।
মিতালী মুখার্জির সঙ্গে একটি দ্বৈত অ্যালবামের কাজ চলছে তাঁর। আহমেদ রিজভীর কথায় এবং আলাউদ্দীন আলীর সংগীত পরিচালনায় এ অ্যালবামে ইতিমধ্যে মিতালী মুখার্জি সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন। বাকি আছে বিশ্বজিতের কণ্ঠ দেওয়ার কাজ। বিশ্বজিৎ বললেন, ‘আলাউদ্দীন আলী ভাই পরীক্ষিত সফল সংগীতব্যক্তিত্ব। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের মধ্যে সাড়া ফেলবে।’
আমেরিকার বিভিন্ন মঞ্চে গান করে এলেন তিনি, সঙ্গে সর্বশেষ প্রকাশিত একক অ্যালবাম প্রিয় অনুভব-এর পাঁচটি গানের মিউজিক ভিডিওর চিত্রধারণের কাজও হয়েছে। রাশিয়াতেও গান করেছেন এ বছর।
এর আগে স্বামী স্ত্রীর ওয়াদা নামের একটি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছিলেন কুমার বিশ্বজিৎ। পেয়েছিলেন জাতীয় পুরস্কার।