'সৌভাগ্যবান' শফিক তুহিন

শফিক তুহিনের সুর ও সংগীত পরিচালনায় এবার চলচ্চিত্রের জন্য গান গাইলেন বাংলাদেশের দুই গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আবদুল হাদী।
দেশের এই দুই গুণী সংগীতশিল্পী তাঁর সুর-সংগীতে গান গাওয়ার কারণে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শফিক তুহিন।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আবদুল হাদী। জাজ মাল্টিমিডিয়া পরিচালিত এ ছবির গানের কথা লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। এ ছবিতে অভিনয় করেছেন মাহি ও বাপ্পি।
শফিক তুহিন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এবারই প্রথম একসঙ্গে বাংলা চলচ্চিত্রের গানের দুজন কিংবদন্তি শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী এবং সাবিনা ইয়াসমিনের সঙ্গে কাজ করার সৌভাগ্য হলো।’ তুহিন লিখেছেন, ‘যাদের কণ্ঠের জাদুতে আমার মতো বাংলাদেশের প্রতিটি সংগীতপিপাসু মানুষের বেড়ে ওঠা, তাঁদের সঙ্গে কাজ করাটা সত্যিই স্বপ্নের মতো। গানটা গাইবার পরে অনেক আশীর্বাদ ও প্রশংসা পেলাম। তাঁদের স্নেহধন্য হয়ে এগিয়ে যেতে চাই আগামীর পথে।’