'সৌরভ কী জানতে চেয়েছেন, বলা নিষেধ'

ভারতের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানের শুটিং শেষে দেশে ফিরেছেন তিনি।
অনুষ্ঠানে কী কী হলো? সৌরভ গাঙ্গুলি কী জানতে চেয়েছেন? জানতে চাই রুনা লায়লার কাছে।
রুনা লায়লা বললেন, ‘সৌরভ কী জানতে চেয়েছেন, সেটা বলা নিষেধ। অনুষ্ঠান প্রচারের আগে এ নিয়ে কিছুই বলা যাবে না। বললে চমকটাই তো আর থাকল না। তবে এর মধ্যে প্রোমো দেখানো শুরু হবে। তখন দর্শকেরা কিছুটা হলেও আঁচ করতে পারবেন।’
অনুষ্ঠান নিয়ে গোপনীয়তা কোন পর্যায়ে, সেটা বোঝা গেল রুলা লায়লার একটি কথাতেই। রুনাও জানেন না, অনুষ্ঠানটি কবে প্রচারিত হবে।
১ মার্চ কলকাতার পার্পল মুভি টাউন স্টুডিওতে ‘দাদাগিরি’র এই বিশেষ পর্বের শুটিং হয়। সব মিলিয়ে তিন ঘণ্টার মতো।
শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? সৌরভ গাঙ্গুলির কোন দিকটা ভালো লেগেছে?
রুনা বলেন, ‘তিনি খুব সম্মান দিয়ে কথা বলেছেন। তাঁর আচরণ, কথা বলার ধরন-আমার খুবই ভালো লেগেছে। অনুষ্ঠানে আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে আমি সত্যিই মুগ্ধ। শুটিংয়ের সময় ছাড়াও সৌরভের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আমার গান তাঁর ভালো লাগে। সুন্দর একটা পরিবেশে পুরো কাজটা হয়েছে।’
রুনা লায়লা ছাড়াও ‘দাদাগিরি’র এই বিশেষ পর্বে দেখা যাবে আরতী মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, রেখা ভরদ্বাজ, সৌমেন আর সৌম্যজিতকে।
এঁদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন কে?
সহাস্যে রুনা লায়লার উত্তর, ‘সেটা বলে দিলে বাকি থাকে কী!’