'স্কুল পলাতক মেয়ে' ফিরছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভার বর্তমান সদস্যরা
নোভার বর্তমান সদস্যরা

‘রেশমি চুড়ি হাতে এলোমেলো চুল/ স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল/ ...তুমি নাই, তুমি নাই বাঁশরী’—মনে পড়ছে গানটি? কিংবা ‘আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান,/ আসছে এই প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরই সন্তান’, ‘নাইরে নাইরে মোর খোকন কোথাও নাই’ কথাগুলো? গত শতকের নব্বই দশকে বাংলা ব্যান্ডের গানে যাঁরা বুঁদ থাকতেন, তাঁদের স্মৃতিতে নিশ্চয়ই ধাক্কা দিয়েছে সেই সময়ে অন্যতম জনপ্রিয় ব্যান্ড নোভার গানের লাইনগুলো। নতুন খবর হলো, নোভা আবার ফিরছে নতুন অ্যালবাম নিয়ে। নিয়মিত চর্চা করছেন দলের সদস্যরা। এখন থেকে সব মাধ্যমে গান করবেন তাঁরা।

নোভা সর্বশেষ মৌলিক অ্যালবাম প্রকাশ করে ২০০৫ সালে। ‘ঠিকানা’ শিরোনামের ওই অ্যালবাম বের হওয়ার দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তারা পূর্ণাঙ্গ অ্যালবামের কাজ করছে। এই অ্যালবামের জন্য কবি জসীমউদ্‌দীনের ‘আসমানি’ কবিতাটি গান আকারে করেছেন। ইতিমধ্যে গানটি ইউটিউবে পাওয়া যাচ্ছে। এ গানসহ ছয়টি গান চূড়ান্ত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে গানগুলো শুনিয়েছে নোভা। ‘১০টি নতুন গান দিয়ে আগামী কোরবানি ঈদে প্রকাশ করার ইচ্ছা আছে।’ প্রথম আলোকে বলেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ ফজল। তিনি শুরু থেকেই এই ব্যান্ডের মূল কান্ডারি।

নোভার সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম ‘স্কুল পলাতক মেয়ে’
নোভার সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম ‘স্কুল পলাতক মেয়ে’

নতুন গান বা নতুন অ্যালবাম নিয়ে এত বড় বিরতি কেন? ফজল বলেন, ‘আমরা ব্যান্ডের সব সদস্য পেশাগত কারণে ব্যস্ত ছিলাম। চর্চার মধ্যে থাকলেও পেশাদার ব্যান্ড হিসেবে কাজের পরিস্থিতি ছিল না। এখন খুব মন টানছে গানে। এখন থেকে পুরোদমে পেশাদারি মনোভাব নিয়েই গান করব।’ এর মধ্যে কিছু টেলিভিশন লাইভ অনুষ্ঠানে গান করেছে নোভা। এখন দলটিতে আছেন আহমেদ ফজল, আহমেদ সৌরেন, সদরুল নুর, মোস্তফা রুবেল ও মাসুক হক। কি-বোর্ডিস্ট হিসেবে সম্প্রতি মাসুক হক যোগ দিয়েছেন।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাইকেডেলিক, হার্ড ও প্রোগ্রেসিভ রক ব্যান্ড নোভা ১৯৮৫ সালের প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে তারা মূলত কাভার গান করলেও কিছুদিনের ভেতর মৌলিক গানে মন দেয় দলের সদস্যরা। শুরুতেই তুমুল জনপ্রিয়তা পায় ব্যতিক্রম সুর, সংগীত আর বিষয়ভিত্তিক গানের কারণে। ১৯৮৮ সালে নোভার ‘আহ্বান’ শিরোনামের প্রথম অ্যালবামে ‘নেশার আগুন জ্বেলে’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়। ‘নেশার আগুন জ্বেলে/ তুমি কে শোনো মোর গান/ এসো প্রাণের প্রদীপ জ্বালি/ তোমার তরে এ আমার আহ্বান’ গানের লাইনগুলো মাদকবিরোধী প্রচারণায় ব্যবহার হয়।

‘রাজাকার-এর তালিকা চাই’ অ্যালবাম প্রকাশ করে সাড়া ফেলেছিল নোভা
‘রাজাকার-এর তালিকা চাই’ অ্যালবাম প্রকাশ করে সাড়া ফেলেছিল নোভা

১৯৯০ সালে তারা প্রকাশ করে ‘রাজাকার-এর তালিকা চাই’ অ্যালবাম। দ্বিতীয় অ্যালবামে স্থান পায় কয়েকটি বক্তব্যধর্মী গান। এর মধ্যে একটি ছিল ‘রাজাকার-এর তালিকা চাই’ শীর্ষক গান। এটি পিংক ফ্লয়েডের বিখ্যাত গান ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’-এর আদলে গাওয়া। সে সময় অ্যালবামটি শুধু জনপ্রিয়তায়ই নয়, রীতিমতো তোলপাড় করে। বাংলা ব্যান্ডের ইতিহাসে এটিই সর্বপ্রথম একটি গান, যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি প্রকাশ্যে আহ্বান করা হয়। জোর দিয়ে বলেছিল, ‘ওই রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার’! বাংলাদেশ টেলিভিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয় নোভাকে। ১৯৯১ সালে প্রথম গণতান্ত্রিক সরকার সেই নিষেধাজ্ঞা ব্যান্ডটির ওপরে থেকে তুলে নেয়।

১৯৯৩ সালে ‘স্কুল পলাতক মেয়ে’, ১৯৯৬ সালে ‘ভাইসো’, ১৯৯৯ সালে ‘নোভা ৯৯’ অ্যালবামগুলো অডিও বাজারে সাড়া ফেলে। তাদের ‘স্কুল পলাতক মেয়ে’, ‘স্বপ্নের বাংলাদেশ’, ‘রাজাকার-এর তালিকা চাই’, ‘দুখু মিয়ার ঘর’, ‘পদ্মার পাড়ে’, ‘বসুনিয়া’, ‘খোকন কোথাও নাই’, ‘রাখাল ছেলে’, ‘বাবা আলাদিন’, ‘ভালোবাসার কাকতাড়ুয়া’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।