'হৃদয়নাথ' পুরস্কার পেলেন এ আর রেহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতকার এ আর রেহমান
সংগীতকার এ আর রেহমান

প্রথম ‘হৃদয়নাথ মুঙ্গেশকর’ পুরস্কার পেয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। পরবর্তীতে আশা ভোঁসলে, অমিতাভ বচ্চন এবং প্রখ্যাত অভিনেত্রী সুলোচনাও পেয়েছেন এই সম্মাননা। এবারের ‘হৃদয়নাথ মুঙ্গেশকর’ সম্মাননা পেয়েছেন অস্কারজয়ী সংগীতকার এ আর রেহমান।
গতকাল সোমবার হৃদয়নাথ মুঙ্গেশকর সম্মাননা হাতে পেয়ে এ আর রেহমান জানিয়েছেন, হৃদয়নাথজীর সংগীত এক অনুপ্রেরণা। অক্টোবরের ২৬ তারিখে হৃদয়নাথ মুঙ্গেশকর পুরস্কার এ আর রেহমানের হাতে তুলে দেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই।
সংগীতকার এ আর রেহমানের হাতে হৃদয়নাথ মুঙ্গেশকর পুরস্কার তুলে দিয়ে নির্মাতা সুভাষ ঘাই জানান, এ আর রেহমান কেবল একজন অসাধারণ সংগীতকারই নন, তিনি একজন শুদ্ধ আত্মার মানুষ।

‘হৃদয়নাথ’ পুরস্কার নিচ্ছেন এ আর রেহমান
‘হৃদয়নাথ’ পুরস্কার নিচ্ছেন এ আর রেহমান


রেহমান প্রসঙ্গে সুভাষ আরও জানান, রেহমান হিন্দি অথবা পাঞ্জাবি ভাষা না জানার পরও টানা ৭০ রাত খেটে সৃষ্টি করেছিলেন ‘তাল’ ছবির সংগীত। তিনি বলেন, সংগীতে তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন রেহমান। সুভাষ ঘাই এও বলেন, ‘তিনি সেরা সংগীতকার। তিনি শুধু একজন বড় তারকাই নন; এক শুদ্ধ আত্মার মানুষও।
শৈশবেই এ আর রেহমানের সংগীতপ্রতিভা সবার নজর কেড়েছিল। এরপর ‘রোজা’ ছবির মাধ্যমে বলিউডের সংগীতভুবনে তাঁর যাত্রা শুরু হয়। ‘রোজা’ থেকে ‘স্লামডগ মিলিয়নিয়ার’; সংগীতের এই দীর্ঘ পথ চলার এক পর্যায়ে তাঁর হাতে উঠে এসেছিল অস্কার। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির সংগীতের জন্য অস্কার জয় ছিল এ আর রেহমানের জন্য আন্তর্জাতিক এক স্বীকৃতি।
এ আর রেহমানের ব্যক্তিজীবনও তাঁর সংগীতের মতোই বর্ণাঢ্য। তাঁকে নিয়ে ‘জয় হো’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন উমেশ আগরওয়াল। পিটিআই। এনডিটিভি।