'হ্যাপি' গায়ক ফ্যারেলের 'হ্যাপি' বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যারেল উইলিয়ামস
ফ্যারেল উইলিয়ামস

‘তুমি কিসে খুশি হও?’— কেউ হঠাৎ এমন প্রশ্ন করলে বিভ্রান্ত না হয়ে উপায় আছে? সম্প্রতি এমনই এক পরিস্থিতিতে পড়েছিলেন মার্কিন গায়ক ফ্যারেল উইলিয়ামস। যুক্তরাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধরনের প্রশ্নই ছুড়ে দেওয়া হয় ফ্যারেলের দিকে। অবশ্য এসব প্রশ্নে মোটেও বিব্রত হননি ফ্যারেল। বরং খুশিই হয়েছেন। কারণ, এই প্রশ্নগুলো করেছে স্কুলপড়ুয়া ছোট ছোট ছেলেময়েরা। তারা সবাই এই একটি প্রশ্নের জবাব জানতেই জড়ো হয়েছিল। দুনিয়া মাতানো ‘হ্যাপি’ গানের গায়কের কাছে ‘হ্যাপিনেস’র সংজ্ঞা জানতে চাওয়াটাই তো বিরাট ব্যাপার!

গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’ গান অবলম্বনে তৈরি একই শিরোনামের একটি ফটোবুক। তাতে বিভিন্ন ভাষা আর বিভিন্ন স্থানের শিশুদের কাছে খুশির সংজ্ঞা কেমন তা-ই তুলে ধরা হয়েছে। কারও কাছে খুশি মানে আকাশ ছোঁয়ার অনুভূতি, কারও কাছে আবার খুশি মানে একমুঠো চকলেট— এ সব খুশির সংজ্ঞাই ওই বইতে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। বইটি তৈরিতে গায়ক ফ্যারেলও সম্পৃক্ত ছিলেন। ছবি বাছাইয়ের বিষয়টি তদারকি করেছেন তিনি।

শিশুদের সঙ্গে ফ্যারেল উইলিয়ামস
শিশুদের সঙ্গে ফ্যারেল উইলিয়ামস



অস্কার মনোনয়ন পাওয়া গান ‘হ্যাপি’ মুক্তি পায় ২০১৩ সালে। এ গানটি সংযুক্ত করা হয় মিনিয়ন ছবিতে। যুক্তরাজ্যে ফ্যারেলের এ গানটি ২০১৪ সালের সবচেয়ে বেশি ডাউনলোড করা গানের তালিকায় শীর্ষে ছিল। তা ছাড়া ইউটিউব আর এককভাবে বিক্রি হওয়া গানের হিসাবেও ‘হ্যাপি’ গেল বছর বেশ সাড়া ফেলেছিল।

জাতিসংঘ ‘ইন্টারন্যাশনাল ডে অব হ্যাপিনেস’-এ ফ্যারেলের এ গানটিকে ‘ওয়ার্ল্ডস হ্যাপিয়েস্ট সং’ বলেও ঘোষণা দেয়। তাই ‘হ্যাপি’ গান থেকে তৈরি ‘হ্যাপি’ বইটি নিয়েও এখন আগ্রহের কমতি নেই। বলা যায়, ‘হ্যাপি’ শিরোনামের বইটি এখন ‘হ্যাপি’ গায়ক ফ্যারেলের ‘হ্যাপিনেস’-এর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।